আলোচনা-আবৃত্তিতে কাব্যিক বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত অনুষ্ঠানগুলোর চেয়ে আলাদা দৃশ্য। দর্শকসারিতে বসে আছেন মন্ত্রী এবং তাঁদের সমমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মঞ্চে বসে আছেন কবি-সাহিত্যিকেরা। মিলনায়তন দর্শকপূর্ণ। নূহ-উল-আলম লেনিনের তিনটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। নানা পেশার মানুষের মিলনমেলা। গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা-আবৃত্তিতে কাব্যিক হয়ে উঠেছিল পরিবেশ। লিলি ইসলামের গাওয়া রবীন্দ্রসংগীত দিয়ে সন্ধ্যায় শুরু হলো অনুষ্ঠান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব নিলেন অভিনয় ও আবৃত্তিশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়। কাব্যগ্রন্থে তিনটির রচয়িতা নূহ-উল-আলম লেনিনকে দেখা গেল এতক্ষণে। তিনি মঞ্চে এলেন। সভাপতির আসনে বসলেন মুস্তাফা নূরউল ইসলাম। আলোচক হিসেবে মঞ্চে এলেন হাবীবুল্লাল সিরাজী, অসীম সাহা, কাজী রোজী, বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র শেখর। কাব্যগ্রন্থের রচয়িতা, সভাপতি ও আলোচকদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হলো তিনটি কাব্যগ্রন্থ। প্রকাশনা পর্ব সম্পন্ন হলো এভাবেই। শ্রোতাদের জানিয়ে দেওয়া হয় কাব্যগুলোর নাম অনেক দূর যেতে হবে, স্বপ্ন করপুটে ও ভালোবাসা হিসেব জানে না। প্রকাশিত হয়েছে ম্যাগনাম ওপাস, সময় ও বিশাখা প্রকাশনী থেকে। প্রকাশকদের পক্ষ থেকে ফরিদ আহমেদ বললেন, ‘নূহ-উল-আলম লেনিনের কাব্যগ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’এর পরই অনেক দূর যেতে হবে কাব্যগ্রন্থ থেকে ‘প্রত্যাশা’ কবিতাটি আবৃত্তি করলেন কাজী আবু জাফর সিদ্দিকী। এরপর শুরু হলো আলোচনা। আলোচকেরা নূহ-উল-আলম লেনিনের প্রাবন্ধিক, সাহিত্যিক ও গবেষক পরিচয়ের পর কবি হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি ইতিবাচক বলে উল্লেখ করেন। আলোচকেরা কাব্যগ্রন্থ তিনটির প্রশংসা করে বলেন, ‘কবিতাগুলো সময়োচিত এবং নতুন প্রজন্মকে নানাভাবেই উৎসাহিত করবে।’এরপর কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন সৈয়দ হাসান ইমাম, ডালিয়া আহমেদ, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।এ সময় দর্শকসারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রিয়ভাষিণীর শিল্পকর্ম প্রদর্শনীমানুষ ও প্রকৃতি সব সময়ই প্রাধান্য পায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্মে। গতানুগতিক ধারা থেকে তাঁর কাজ আলাদা। গাছের মরা ডাল, শেকড়, গুঁড়ি কিংবা কুড়িয়ে পাওয়া অতি সমান্য বিষয়কে তিনি নান্দনিকরূপে উপস্থাপন করেন। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রদর্শনী ‘বনলতা’র উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই তাঁর কাজের মূল্যায়ন করেন বক্তারা। গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ৮৭টি শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে এই একক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন শাহরিয়ার কবির এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। প্রদর্শনী ২৮ জুলাই পর্যন্ত চলবে। দামাল ছেলে নজরুল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটর মিলনায়তনে গতকাল মঞ্চস্থ হলো দামাল ছেলে নজরুল। নাট্যসংগঠন ‘জেনেসিস থিয়েটার’ কবির জীবনীভিত্তিক মাহমুদউল্লাহ রচিত ও নূর হোসেন নির্দেশিত এই নাটকটি মঞ্চস্থ করে। নাটকের আগে ছিল ‘আমরা যদি না জাগি মা’ শীর্ষক আলোচনা। নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে এ পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কাজী আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রশীদ হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শফিকুর রাহী। আলোচনা করেন মিলন কান্তি দে, শিফা সাবিহা প্রমুখ।