আলোচনা ও গানে রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর গানে-কবিতায় বর্ষা এসেছে ঘুরেফিরে। আবহমানকালের বাংলার বর্ষাকে যেন তিনি নতুন করে আবিষ্কার করেছিলেন। বৃষ্টির অজস্র জলধারায় পরিপুষ্ট তাঁর বিচিত্র রচনাসম্ভার। বর্ষা ঋতুতেই ঘটেছিল তাঁর মহাপ্রয়াণ।ঋতুচক্রের নিয়ম মেনে গতকাল সোমবার বাইশে শ্রাবণেও ছিল রোদ-বৃষ্টির দ্বৈরথ। গতকাল ভক্তরা ৭১তম প্রয়াণ দিবসে কবিগুরুকে স্মরণ করেছেন তাঁর গান ও কবিতার অর্ঘ্য দিয়ে।বাংলা একাডেমীর আয়োজন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী গতকাল বিকেলে একাডেমীর সেমিনারকক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘রবীন্দ্রনাথের নাটকে তিন নারী’ শীর্ষক বক্তৃতা দেন শিল্প-সমালোচক মিজারুল কায়েস। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।অনুষ্ঠানে সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘জীবনের নানা প্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুরের নারী-ভাবনা বিবর্তিত হয়েছে। তবে সব সময়ই নারীর ভেতরে তিনি অজেয় মানব সম্ভাবনার সৌন্দর্য অন্বেষণ করেছেন।’মিজারুল কায়েস বলেন, ‘নারী অধিকার তথা মানবাধিকারের মৌল প্রত্যয়গুলো রবীন্দ্রসৃষ্টিতে ভিন্ন মাত্রায় প্রতিভাসিত। নারীকে তিনি স্বাধিকার প্রমত্ততার কেন্দ্রে প্রতিস্থাপন করেছেন। পাশ্চাত্যে নারী অধিকার স্বীকৃতি বহু আগেই। শ্যামা, চিত্রাঙ্গদা ও চণ্ডালিকা শীর্ষক তিনটি নৃত্যনাট্যে তিনি নারীমুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব সাধন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাদী মহম্মদ, মানসী সাধু প্রমুখ।সখীপুরে রবীন্দ্র মহাপ্রয়াণ দিবস: সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, সখীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর জীবন ও সাহিত্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় লেখক চত্বরে ‘আবাহন’ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। বিকেল পাঁচটায় বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী অধ্যাপক আলীম মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দেলোয়ার সিকদার, আলী হাসান, ইকবাল গফুর, শাকিল আনোয়ার প্রমুখ। আলোচনার পর আবাহনের শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।হিরোশিমা দিবসে শান্তির সপক্ষে নতুন প্রজন্ম‘বাংলার মাটি বাংলার জল/ বাংলার বায়ু, বাংলার ফল/ পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান’—শিশু রিধার কণ্ঠে এমন আকুল করা গানে মুগ্ধ দর্শক।গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাঙ্গণ ভরে উঠেছিল শিশুদের পরিবেশিত নাচে-গানে। ‘শান্তির সপক্ষে নতুন প্রজন্ম’ শীর্ষক হিরোশিমা দিবস পালন করে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ।অনুষ্ঠানে বাংলাদেশে জাপানি দূতাবাসের প্রথম সচিব হিদেকি ইগাওয়া স্মরণ করেন ভয়াবহ সেই দিনের ঘটনা। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থপতি রবিউল হুসাইন।অনুষ্ঠানে সুরের ধারা সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘বরিষ ধারা মাঝে শান্তিরও বারি’ পরিবেশন করেন।নাট্যোৎসবের সমাপনীতে হিরোশিমা ‘শিল্পের মানবিক ছায়াসম্পাতে মহাজীবন বন্দনা করি’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদলের যুগপদার্পণ উপলক্ষে আয়োজিত ছয় দিনব্যাপী ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ: সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এর গতকাল সোমবার ছিল সমাপনী দিন। সমাপনী দিনে স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনা অবলম্বনে স্বপ্নদলের প্রযোজনা ত্রিংশ শতাব্দীর মঞ্চায়ন।