আলোচনা ও তথ্যচিত্রে বাদল রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে আমাদের শিশুরা এখন শৈশবহীনভাবে বেড়ে ওঠে। তাদের আনন্দের জন্য আমরা তেমন কিছু করি না, তাদের কথা ভাবতে চাই না। যে অল্প কিছু মানুষ শিশুদের জীবন আনন্দময় করার জন্য কাজ করেছেন, তাদের একজন বাদল রহমান। তিনি বেশ কয়েকটি মানসম্পন্ন শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ।বাদল রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ অনুষ্ঠানের স্মৃতিচারণা পর্বে তাঁর সম্পর্কে বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় এই সভার আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। আলোচনায় অংশ নেন সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মসিহ উদ্দিন শাকের, সাব্বির চৌধুরী, সাজ্জাদ জহির, ফৌজিয়া খান, বাদল রহমানের ছেলে অভিষেক রহমান প্রমুখ।স্মৃতিচারণা পর্ব শেষে বাদল রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র পথিকৃৎ প্রদর্শিত হয়। এটি নির্মাণ করেন বেলায়েত হোসেন ও সাইফুল ইসলাম। এতে বাদল রহমান তাঁর নিজের জীবন ও কর্মের নানা দিক সম্পর্কে বলেছেন।