আলোচনা ও নৃত্য-গীতে নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নজরুলের রচনার রয়েছে অন্য রকম এক ক্ষমতা, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতে সঞ্চালিত ও অনুপ্রাণিত করবে। সেই অর্থে তাঁর প্রতি আমরা ঋণী। তাই তাঁকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। সেটা আমরা করতে পারি তাঁর সমগ্র সৃষ্টির যথাযথ সংরক্ষণ ও চর্চার মাধ্যমে।’জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে নজরুল ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনের এ অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউমের সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। আলোচনায় অংশ নেন অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ইনস্টিটিউটের সচিব মইন উদ্দিন আহ্মদ।আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম, ফেরদৌস আরা, লীনা তাপসী খান, সেলিনা হোসেন এবং সালাউদ্দিন আহমেদ। দলীয় সংগীত পরিবেশন করেন নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা। শিল্পীরা ‘সৃজনে ছন্দে আনন্দে’, ‘কে বিদেশী বনউদাসী’, ‘ওগো প্রিয় তব গান’—এসব গান গেয়ে শোনান।নজরুলের ‘নারী’ কবিতার একক আবৃত্তি পরিবেশন করেন ঝর্না সরকার। সবশেষে কবিরুল ইসলামের পরিচালনায় ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যালোকের শিল্পীরা।