আলোচনা ও বৃন্দবাদনে ওস্তাদ আবেদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংগীতের বিকাশ, লালন, প্রচার, প্রসার ও সমৃদ্ধিতে ওস্তাদ আবেদ হোসেন খানের ভূমিকা ছিল অসামান্য। সংগীতশিক্ষক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। দেশি-বিদেশি অনেক শিক্ষার্থী তাঁর কাছে তালিম নিয়ে এখন প্রতিষ্ঠিত।’আবেদ হোসেন খানের ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এভাবেই তাঁর অবদানের কথা স্মরণ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে ওস্তাদ আয়েত আলী খাঁ সংগীত নিকেতন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। বিশেষ অতিথি ছিলেন তানভির এ খান। সভাপতিত্ব করেন মোবারক হোসেন খান।স্মরণসভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবেদ হোসেন খানের দুই মেয়ে আফসানা খান ও রুখসানা খানের সঙ্গে সেতার-সরোদের ত্রয়ী বাদনে অংশ নেন ওস্তাদ শাহাদত হোসেন খান। একক বাদনে সেতার পরিবেশন করেন শিল্পী রীনাত ফওজিয়া। বেহালা পরিবেশন করেন শেখ সাদী খান। এ ছাড়াও সেতার, তবলা, গিটার, তানপুরা, বেহালা প্রভৃতির সমন্বয়ে ছিল বৃন্দবাদন। এতে অংশ নেয় সংগীত নিকেতনের শিক্ষার্থীরা।উল্লেখ্য, ওস্তাদ আবেদ হোসেন খান ১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁর জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সেতারবাদক ছিলেন তিনি । একই সঙ্গে তিনি ছিলেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। সংগীতে অবদানের জন্য আবেদ হোসেন খান ১৯৮৫ সালে একুশে পদকে সম্মানিত হন।