আলোচনা ও সংগীতে মে দিবস
‘আঠারো শ ছিয়াশির পয়লা মে শিকাগোর হে মার্কেটে’, ‘দুনিয়ার মজদুর ভাইসব’, ‘আমরা মানুষের জয়গান গাই’—গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এমনি বেশ কিছু গণসংগীত গেয়ে শোনান শিল্পীরা। মহান মে দিবসের প্রাক্কালে এ অনুষ্ঠানের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শেখ আলাউল হক, মাহজাবিন রহমান, সমর বড়ুয়া, মাহবুবুল হায়দার প্রমুখ। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সারগাম ললিতকলা একাডেমী ও বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রর প্রভৃতি সংগঠনের শিল্পীরা। সংগীতানুষ্ঠানের আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আলোচনায় অংশ নেন শ্রমিকনেতা শহীদুল্লা চৌধুরী, নাট্যজন মামুনুর রশীদ, গোলাম কুদ্দুস, হাসান আরিফ প্রমুখ। আলোচনায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।