আলোচনা ও সংগীতে শফিউর রহমান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুদ্ধ সংগীত ও সংগীতশিল্পীদের বিকাশই ছিল তাঁর সাধনা। এর জন্য যেভাবে তিনি কাজ করেছেন, তার তুলনা এ দেশে বিরল। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, এই সময়ে উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রে তা পূরণ করার মতো আর কেউ নেই।’বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রসারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সদ্যপ্রয়াত শফিউর রহমানের স্মরণসভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পান্থপথের সেল সেন্টারে এ সভার আয়োজন করে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী।সাংবাদিক শাহেদ কামাল বলেন, ‘যিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে আজীবন উচ্চাঙ্গসংগীতের প্রসারের জন্য কাজ করে গেছেন, তিনি শফিউর রহমান। এ দেশে উচ্চাঙ্গসংগীতের শ্রোতা তৈরিতে তাঁর অবদান অপরিসীম।’শিল্পী রবিউল হোসেন বলেন, ‘১৯৪৮-পূর্ব বাংলায় উচ্চাঙ্গসংগীতের একটা ঐতিহ্য ছিল। কিন্তু দেশ ভাগের পর নানা কারণে ধীরে ধীরে সে ঐতিহ্য লুপ্ত হতে থাকে। স্বাধীনতা-পরবর্তীকালে যাঁদের কল্যাণে আমরা হূত ঐতিহ্য ফিরে পেতে থাকি, তাঁদের অন্যতম শফিউর রহমান।’স্মৃতিচারণা শেষে শিল্পী অনিল কুমার সাহা পুরিয়া কল্যাণ রাগ গেয়ে শোনান। অসিত দে পরিবেশন করেন রাগ বেহাগ। এ ছাড়া বেহালায় সুর তোলেন ওস্তাদ আলাউদ্দিন মিয়া। তবলায় ছিলেন মনির হোসেন খান, সৈয়দ সাজিদ হোসেন ও বাদল চৌধুরী।শুদ্ধ সংগীত প্রসারের লক্ষ্যে ১৯৭৪ সালের মার্চ মাসে যাঁরা সাংস্কৃতিক সংগঠন শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, তাঁদের অন্যতম শফিউর রহমান। তিনি আমৃত্যু এ সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশ বাজারে ১৯৩২ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। সংগীতে অবদানের জন্য তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র সম্মাননাসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হন। গত ২৭ জুন তিনি ইন্তেকাল করেন।