হাড্ডাহাড্ডি লড়াইটা গত বছর মিইয়ে গেলেও এ বছর আবারও স্বমহিমায় উপস্থিত। এ লড়াই শাহরুখ খান বনাম সালমান খানের। আমির খান, হূতিক রোশন ও রণবীর কাপুর হিট ছবি এবং প্রশংসিত অভিনয়ের বদৌলতে সাফল্য পেয়েছেন ঠিক, তবে বডিগার্ড-রেডি বনাম রা ওয়ান-ডন টু সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে। এ বছরে বলিউড সেরা পাঁচ নায়ককে নিয়েই এবারের আয়োজনসালমান খানসিংহাসন অক্ষুণ্ন রেখেছেন সালমান দাবাং খান। মাত্র দুটি ছবি—রেডি ও বডিগার্ড। দুটিই ব্লকবাস্টার। শুধু তা-ই নয়, ১০০ কোটি রুপি পার করা দুটি ছবিই সালমানের অবস্থানকে জিইয়ে রেখেছে। বডিগার্ড সব মিলিয়ে ২২৯ কোটি রুপি আয় করে দাবাং-এর রেকর্ডও (২১৩ কোটি) ভেঙে দিয়েছে। সালমানের অন্য ছবি রেডি-র আয় ১৭৯ কোটি। এ রকম রেকর্ড অতীতে কোনো বলিউডি অভিনেতা অর্জন করতে পারেননি; এমনকি সালমান প্রযোজিত প্রথম ছবি চিল্লার পার্টিও সাফল্যের মুখ দেখেছে। যার কারণে যশরাজ ফিল্মস বিশাল অঙ্কের পারিশ্রমিক দিয়ে প্রথমবারের মতো সালমানকে নিয়ে ছবি করছেন, যদিও বডিগার্ড ও রেডি তুষ্ট করতে পারেনি সমালোচকদের। তার পরও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক থাকা না-থাকা, বিগ বস-৫ ও শরীরে অস্ত্রোপচার—সব মিলিয়ে সালমানই ২০১১ সালের ১ নম্বর নায়ক। বডিগার্ড-এর জন্য সালমান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে পুরস্কারের দৌড়ে রণবীর কাপুর ও শাহরুখ খান হবেন সালমানের প্রধান প্রতিদ্বন্দ্বী।শাহরুখ খানএবারও শাহরুখকে সালমানের পরের আসনটি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। মুক্তি পাওয়া দুটি ছবিই সফল। এর মধ্যে রা ওয়ান-এর এখন পর্যন্ত আয় ২০০ কোটি রুপি। তবে শাহরুখের অভাবনীয় প্রচারণা ও ছবির বাজেট—সব মিলিয়ে সবাই আশা করেছিল থ্রি ইডিয়টস-এর রেকর্ড না হোক (৩৬৬ কোটি), বডিগার্ড ও দাবাং-এর রেকর্ড ভেঙে দেবে রা ওয়ান। বাস্তবে অবশ্য তা হয়নি; এমনকি ছবিটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া হয়েছে দর্শক-সমালোচকদের মধ্যে। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া ডন টু মাল্টিপ্লেক্স ও আন্তর্জাতিক মার্কেটে তুমুল ব্যবসা করছে। তবে ভারতে একক প্রেক্ষাগৃহে ডন টু তেমন একটা আমল পাচ্ছে না, বডিগার্ড কিংবা রেডি যেখানে মাল্টিপ্লেক্স ও একক—সবখানেই তাণ্ডব রচনা করেছিল। বডিগার্ড প্রথম চার দিনে আয় করেছিল ৮৮ কোটি ৭৫ লাখ রুপি, রা ওয়ান ঘরে তুলেছে ৮৫ কোটি ৫০ লাখ, অথচ ডন টুর আয় ৪৬ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, ডন টু সালমান ও শাহরুখের অন্যান্য ছবির মোট আয়কে ছাড়িয়ে যেতে পারবে না; এমনকি রা ওয়ানও পারেনি বডিগার্ডকে ছুঁয়ে যেতে। তবে এটাও সত্যি, বডিগার্ড, রা ওয়ান ও রেডির তুলনায় ডন টু ছবির মান অনেক গুণ বেশি। শুধু তা-ই নয়, অনেকের মতে, ডন টু শাহরুখের ক্যারিয়ারের সেরা অ্যাকশন ছবি। ২০১১ সালে শাহরুখ প্রযোজিত অলওয়েস কাভি কাভি ধরাশায়ী হয়েছে বক্স অফিসে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম আছে কি নেই, আইপিএল, যশ চোপড়ার নতুন ছবিতে ক্যাটরিনা-আনুশকার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এবং দুই ছবি নিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন শাহরুখ।অজয় দেবগনগত বছর তাঁকে ‘ডার্ক হর্স’ বলা হলেও এ বছর অজয় নিজ যোগ্যতায়ই খানদের পরের অবস্থানটি অর্জন করে নিয়েছেন। তিন খানের পাশাপাশি অজয়ই হিন্দি ছবির ইতিহাসে একমাত্র নায়ক, যাঁর ছবি ১০০ কোটির ওপর ব্যবসা করেছে। সিংঘাম ব্লকবাস্টার হিট। সেই সঙ্গে দিল তো বাচ্চা হ্যায় জিও সেমি হিট। সিংঘাম হিট হওয়ার পেছনে একমাত্র অজয়ের তারকা-ইমেজই ছিল প্রধান। তবে রাসকেলস ফ্লপ হওয়ার কারণে অজয়ের সাফল্যে কিছুটা ছন্দপতন ঘটে।এমরান হাশমিএমরান হয়তো নিজেও কখনো ভাবতে পারেননি বড় বাজেটের ছবি না করে, স্টাইলিশ নাচ কিংবা অ্যাকশন না দেখিয়ে শুধু অভিনয় ও ভালো ছবির জোরে একদিন সেরা পাঁচ নায়কের তালিকায় অবস্থান করে নেবেন। একসময় তাঁকে ‘সিরিয়াল কিসার’ বলা হলেও এমরান আজ তাঁর মেধার জোরেই দর্শক টানার ক্ষমতা রাখেন। এ বছর মুক্তি পাওয়া এমরানের তিনটি ব্যবসাসফল ছবিই এর প্রমাণ। দ্য ডার্টি পিকচার ব্লকবাস্টার হিট, মার্ডার ২ সুপারহিট এবং দিল তো বাচ্চা হ্যায় জি সেমি হিট। প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-রানীরা এমরানের সঙ্গে কাজ করতে না চাইলে এখন নির্মাতারা নায়িকাদের বাদ দেন, তাও ছবি থেকে এমরানকে বাদ দেন না। এটাই এমরানের বড় সাফল্য। জান্নাত ২, মার্ডার ৩, রাজ ৩, ডায়েন, সাংঘাই, ঘানচক্কর—এ রকম বেশ কটি আকর্ষণীয় ছবি রয়েছে এমরানের ঝুলিতে।ইমরান খানমামা ছাড়াও ভাগনে সফল—এ কথা ইমরান প্রমাণ করেছিলেন গত বছরই। ২০১১ সালে আবারও সেটা প্রমাণ করেছেন। মেরে ব্রাদার কি দুলহান হিট। সেই সঙ্গে মামার প্রযোজনায় দিল্লি বেলিতে সুপার হিট। দিল্লি বেলি ইমরানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকাকে বিয়ে করে আলোচনায় এসেছেন ইমরান। ব্যক্তিগত ও পেশাগত জীবনে শতভাগ সাফল্য পেয়ে ইমরানের ক্যারিয়ারে সাফল্য পাল তুলেছে। যুক্ত হয়েছে করণ জোহর, বিশাল ভারাদ্বাজ, যশরাজ ফিল্মস ও ক্যাটরিনা কাইফ প্রযোজিত ছবি। এ বছর দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। শোনা যাচ্ছে, আগামী বছরও ইমরান ‘বলিউডের অস্কার’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। রুম্মান রশীদ খান[সূত্র: বক্স অফিস ইন্ডিয়া, কোইমোই]