মারমার কাটকাট হিট, তুমুল উন্মাদনা—সব মিলিয়ে ‘বক্স অফিস কুইন’ যাকে বলা যায়, গত বছর সেই অর্থে কোনো নায়িকাই আলোড়ন তুলতে পারেননি। যোগ-বিয়োগের অঙ্কে আলোচিত-৫ তালিকায় জায়গা হয়নি বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কঙ্গনা রনৌত, প্রিয়াঙ্কা চোপড়াদের। শুধু সমালোচক-ধন্য অভিনয় নয়, কিংবা বক্স অফিস সাফল্য নয়—সারা বছর কাজের কল্যাণে আলোচনায় এসেছিলেন যে তারকারা, তাঁদের নিয়ে এই প্রতিবেদন:১. সালমান খানসালমান চুলবুল পান্ডে কিংবা সালমান রবিনহুড পান্ডে—এই দুই নামেই ২০১০ সালে দর্শকেরা ডেকেছে সালমানকে। সর্বশেষ কবে সালমান খান ১ নম্বর আসনের মালিক হয়েছিলেন, স্বয়ং সালমানও হয়তো জানেন না; তবে ২০১০ সালে নির্দ্বিধায় সালমানকে ‘বাদশাহ খান’ উপাধি দেওয়া যায়। দাবাং হয়তো তারে জামিন পার, থ্রি ইডিয়টস, মাই নেম ইজ খান-এর মতো বুদ্ধিদীপ্ত কোনো ছবি নয়; তবে আমজনতার প্রত্যাশিত বিনোদনের সব রকম উপকরণ ছিল বছরের সর্বাধিক ব্যবসাসফল এই ছবিতে। এই ছবির কল্যাণে সালমান প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পেলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ, সালমানই দাবাং-এর প্রাণ। বছরের শুরুতে বীর কিছু রাজ্যে ভালো ব্যবসা করলেও সব মিলিয়ে বীর বীরের বেশে তালিকায় দাঁড়াতে পারেনি।২. শাহরুখ খানবছরের প্রথম সপ্তাহে বিশেষ চরিত্রে দুলহা মিল গ্যায়া, তার এক মাস পর মাই নেম ইজ খান। প্রথমটি চূড়ান্ত ব্যর্থ, পরেরটি চূড়ান্ত সফল। সালমান যেমন একাই দাবাং টেনে নিয়ে গেছেন, শাহরুখও তেমনি মাই নেম ইজ খান-এর প্রাণ। সূক্ষ্ম পার্থক্য এটুকুই—মাই নেম ইজ খান আমজনতার মন ছুঁয়ে যেতে পারেনি। তবে সমালোচকেরা অভিনয়ের মানদণ্ডে অবশ্যই শাহরুখকে এগিয়ে রাখতে চাইবেন। সর্বাধিক আলোচনা এবং জনপ্রিয়তার নিক্তিতে অবশ্য সালমানের পাল্লাই ভারী। তাই প্রথমবারের মতো সালমান ১ নম্বরে, শাহরুখ ২ নম্বরে। অবশ্য পুরস্কারের দৌড়ে শাহরুখই সালমান, হূতিকের প্রধান প্রতিদ্বন্দ্বী।৩. অজয় দেবগন‘ডার্ক হর্স’ বুঝি এরই নাম। যে মুহূর্তে সবাই অজয়কে ভুলতে বসেছিল, সে মুহূর্তেই তিনি হাজির ছয়টি ছবি নিয়ে, যার মধ্যে গোলমাল ৩, রাজনীতি ব্লকবাস্টার হিট। ২০১০ সালে জোড়া ব্লকবাস্টার হিটের মালিক একমাত্র অজয়ই। সঙ্গে আছে সুপারহিট ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বাই। সুলতান মির্জা চরিত্রের জন্য অজয় সেরা অভিনেতার মনোনয়ন তো পেতেই পারেন। অজয়ের অন্য ছবি অতিথি তুম কাব জাওগে হিট হলেও আক্রোশ, তুনপুর কা সুপার হিরো ফ্লপ। তবে প্রতিটি ছবিতেই দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন অজয়। ৪ রণবীর কাপুর২০০৯-এর সাফল্যের হাওয়া ২০১০-এ এসেও লেগেছিল রণবীরের ক্যারিয়ারে। রাজনীতি ছবিতে ছিলেন নাসিরউদ্দিন শাহ, নানা পাটেকর, অজয় দেবগন, মনোজ বাজপায়ি, অর্জুন রামপাল। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাদের টপকে যাঁর অভিনয় সর্বাধিক সমাদৃত হয়েছে, তিনি রণবীর কাপুর। অবশ্য ব্লকবাস্টার হিট এই ছবির পর রণবীর আনজানা আনজানিতে প্রত্যাশামাফিক সাফল্য পাননি। তবে রণবীরের অভিনয় সমাদৃত হয়েছে। ৫ অক্ষয় কুমারশুধু হাউসফুল অক্ষয়কে সেরা-৫-এ টিকিয়ে রেখেছে। সুপারহিট হাউসফুল জনপ্রিয়তা পেয়েছিল, সেই সঙ্গে অক্ষয়ও তাঁর হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছিলেন। তবে খাট্টা মিঠা, অ্যাকশন রিপ্লে এমনকি তিস মার খান অক্ষয়ের ক্যারিয়ারে সুখ নয়, দুঃখের পয়গাম নিয়ে এসেছিল। অ্যাকশন রিপ্লে ছবিতে কুশ্রী চেহারার অক্ষয়কে দর্শক কিছুতেই মেনে নিতে পারেনি। ১. ক্যাটরিনা কাইফগতবার ছিলেন তিন হিটের নায়িকা। ২০১০ সালেও তিনি সিংহাসন অক্ষুণ্ন রেখেছেন। তবে নিজের নামের সঙ্গে খুব একটা সুবিচার করতে পারেননি। দুটি ছবি রাজনীতি, তিস মার খান মুক্তি পেয়েছে। ক্যাটরিনার ‘সুবিখ্যাত’ ভাগ্যের বদৌলতে দুটি ছবিরই বাম্পার শুরু হয়েছিল। এর মধ্যে রাজনীতি শেষ পর্যন্ত ব্লকবাস্টার হিট হলেও তিস মার খান বিজয়ঝান্ডা টিকিয়ে রাখতে পারেনি। তা ছাড়া ক্যাটরিনা কী দেখে ছবিটি করতে রাজি হয়েছিলেন, এমন প্রশ্নও এসেছে। তার পরও ‘শিলা কি জাওয়ানি’ গানের কল্যাণে আলোচনায় ১ নম্বরে ক্যাটরিনাই।২. কাজলকাজল এবারও সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার। মাই নেম ইজ খান শাহরুখের ছবি। তবে শাহরুখকে পুরো ছবিতে সমর্থন দিয়ে গেছেন কাজল। এই একটি ছবি বাদে কাজলের অন্য দুটি ছবি ব্যর্থতারই মুখ দেখেছে। উই আর ফ্যামিলির প্রযোজক মূলধন উঠিয়ে আনলেও প্রত্যাশামাফিক ব্যবসা করতে পারেননি। তুনপুর কা সুপার হিরোর অবস্থা আরও শোচনীয়। ৩. কারিনা কাপুর২০০৯ সালে কারিনার ম্যায় ঔর মিসেস খান্না, কুরবান-এর ব্যর্থতা ভুলিয়ে দিয়েছিল থ্রি ইডিয়টস। ২০১০ সালেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি মিলেঙ্গে মিলেঙ্গে, উই আর ফ্যামিলি। তবে ১০০ কোটি রুপির ওপর ব্যবসা করে গোলমাল থ্রি কারিনাকে ইঁদুর দৌড়ে টিকিয়ে রেখেছে। কারিনার হাতে এ মুহূর্তে রয়েছে আমির, শাহরুখ, সালমান, সাইফ, ইমরান খানের বিপরীতে পাঁচটি বড় ছবি। ৪. ঐশ্বরিয়া রাই বচ্চনদুই বছর পর পর্দায় ফিরে এসেই ঐশ্বরিয়া রাই বচ্চন মোলাকাত করেছেন ব্যর্থতার সঙ্গে। মনি রত্নমের বহুল আলোচিত রাবণ ফ্লপ। তবে সব সমালোচকের লেখনীতে মনি রত্নম, এ আর রহমান, অভিষেক বচ্চনের জন্য কোনো নম্বর না থাকলেও ঐশ্বরিয়া পূর্ণ নম্বর পেয়েছিলেন। ইতিমধ্যেই ‘আনন্দলোক পুরস্কার’ও বগলদাবা করেছেন বচ্চনবধূ। রাবণ-এর পর রোবট; ২০১০ সালে ভারতের সবচেয়ে বড় হিট ছবি। এমনকি সর্বকালের সেরা ব্যবসাসফল পাঁচটি ভারতীয় ছবির তালিকাতেও জায়গা করে নিয়েছে রোবট। সাফল্যের স্বাদ খুব বেশি দিন উপভোগ করতে পারেননি ঐশ্বরিয়া। অ্যাকশন রিপ্লে মুক্তির আগে প্রযোজককে বিপদ থেকে মুক্ত করলেও থিয়েটারে ছবি চলেনি। চড়া দামে বিক্রির কারণে সঞ্জয় লীলা বানসালির গুজারিশও ফ্লপ। তবে এ ছবির জন্য ঐশ্বরিয়া সেরা অভিনেত্রীর সব পুরস্কার পাবেন এমন দাবি করছেন অনেকেই। ৫. আনুশকা শর্মাএলেন, দেখলেন, জয় করলেন—কথাটিকে সত্য প্রমাণের জন্য আনুশকার চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। যশরাজ ফিল্মসের মতো শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা গত কয়েক বছরে বড় তারকাদের নিয়ে ছবি নির্মাণ করেও খুব একটা সুবিধা করতে পারেনি। আনুশকার ছবি সে তুলনায় সফল। ২০০৮ সালে রাব নে বানা দি জোড়ি, ২০১০-এ বদমাশ কোম্পানি, ব্যান্ড বাজা বারাত—সব কটিই সফল। বক্স অফিসের নম্বর তো আছেই, সমালোচকেরাও এখন আনুশকা-বন্দনায় মুখর। স্বয়ং শাবানা আজমি আনুশকাকে নিয়ে টুইটারে লিখেছেন, হিন্দি ছবিতে অনেক দিন এ রকম শক্তিশালী অভিনেত্রী দেখা যায়নি। তথ্যসূত্র: ইন্টারনেট।