
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢুকে একটু বিচলিত হতে হলো। নাটক হবে, অথচ মঞ্চে কোনো সাজসজ্জা নেই। সিনেমা হলের মতো বিশাল এক পর্দা টানানো। তাহলে নাটক কোথায়? ‘এখানেই’—জবাব এল একাডেমীর জনসংযোগ বিভাগের প্রতিনিধির কাছ থেকে। তিনি বললেন, চমক আছে, অপেক্ষা করেন।
কথা শেষ হতে না হতেই চূড়ান্ত ঘণ্টির পর শোনা গেল মেঘের গর্জন। পর্দায় ঝুম বৃষ্টির দৃশ্য। বৃষ্টি আর মেঘের শব্দ থামতেই শুরু হলো গান ‘পরদেশী মেঘ যাওরে ফিরে, বলিও আমার পরদেশী রে...’। শুরু হলো নাটক সেতুবন্ধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় নাটকটিতে ছিল ব্যতিক্রমী উপস্থাপনা। পর্দার ওপারে আলোছায়ায় অভিনীত হলো পুরো নাটক। মন কেড়ে নিল নাটকটি। এটি নির্দেশনা দিয়েছেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে চলছে তিন দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব’। এই নাট্যোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। সেতুবন্ধ ছাড়াও এদিন পরিবেশিত হয়েছে লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) নাটক শিল্পী।
উৎসব হলেও ঠিক উৎসবের আমেজ তৈরি হয়নি এখানে। তেমন সাজসজ্জা নেই। একাডেমীর এক কর্মী বললেন, অনেক আগে থেকেই উৎসবের প্রস্তুতি ছিল। পরিস্থিতির কারণে বারবার তা পিছিয়েছে। হয়তো বাজেট-স্বল্পতা ছিল, তাই সাজসজ্জায় উৎসবের আবহ আনা হয়নি।
তবে দর্শকের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। সন্ধ্যায় নাটক শুরু হওয়ার বেশ আগে থেকেই দর্শকেরা উপস্থিত হতে থাকেন পরীক্ষণ থিয়েটারের সামনে। ফকিরাপুল এলাকা থেকে এসেছেন আবদুস সালাম। প্রবেশপথ খোলার অপেক্ষা করতে করতে বললেন, ২৫ থেকে ৩০ বছর আগে নাটকের একটা স্বর্ণযুগ ছিল। এখন মনে হচ্ছে সে সময়টা ফিরে এসেছে। আজকাল প্রায়ই উৎসবের আয়োজন হচ্ছে, নতুন নতুন নাটক আসছে।
পাশে দাঁড়িয়ে থাকা বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান বললেন, ‘আসলে তাই। এখন নাটকের আঙ্গিকেও পরিবর্তন এসেছে।’
সেতুবন্ধ নাটকটিতে রূপক-সাংকেতিকতার মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতি এবং মানব শক্তির দ্বন্দ্ব। যন্ত্রশক্তিতে বলীয়ান হয়ে মানুষ চায় আদি অসীম শক্তির উৎস প্রকৃতিকে পরাস্ত করতে। একদিকে যন্ত্রশক্তি পরিচালক মানবসমাজ, অন্যদিকে প্রাকৃতিক শক্তি পরিচালক দেবতা। একদিকে জড়, অন্যদিকে জীব; একদিকে বস্তু, অন্যদিকে প্রাণ; একদিকে মৃত্যু, অন্যদিকে মৃত্যুঞ্জয়। নাটিকার পরিণতিতে দেখা যায় প্রাকৃতিক তাণ্ডবে মানুষের তৈরি সেতু পদ্মার বুকে ভেঙে পড়েছে, দেবশক্তির কাছে মানবশক্তি পরাজিত হয়েছে।
লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) শিল্পী নাটিকার নির্দেশনা দিয়েছেন ফরহাদ জামান। শিল্পী নাটকটি তিনটি দৃশ্যসংবলিত কাব্যিক দর্শনে সমৃদ্ধ একাঙ্ক নাটিকা।
আজ মঙ্গলবার শেষ হবে তিন দিনব্যাপী নজরুল নাট্য উৎসব। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক রতি আরতির কাব্য ও প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক দ্রোহ প্রেম নারী।