
আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ৩৫ বছর অতিক্রম করল বিশ্বসাহিত্য কেন্দ্র। বিগত সাড়ে তিন দশকের পথচলায় যাঁরা নানাভাবে কেন্দ্রের সঙ্গে ছিলেন, তাঁদের উপস্থিতিতে দিনভর এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কাটল দিনটি কেন্দ্রের নতুন ভবনে। একসঙ্গেই করা হয়েছিল কেন্দ্রের ৩৫ বছর পূর্তি আর নতুন ভবন উদ্বোধনের এই আয়োজন।
বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছিল ভবনটি। পাঠাগার, গ্যালারি, বই বিক্রয় কেন্দ্র, মিলনায়তনসহ পুরো ভবনটিই অবারিত ছিল কেন্দ্রের কর্মসূচির শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জন্য। প্রাণখোলা আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে সারা দিন।
‘আলোকিত মানুষ চাই’ স্লোগান নিয়ে ১৯৭৮ সালের ১৭ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে আজ কেন্দ্র পরিণত হয়েছে দেশের একটি ব্যতিক্রমধর্মী বৃহৎ প্রতিষ্ঠানে।
সকালে নতুন ভবনের ছাদে গিয়ে অতিথিরা বেলুন উড়িয়ে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধ করেন। এরপর অতিথিদের নিয়ে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ভবনের কক্ষগুলো ঘুরে দেখান। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ইন্দিরা রোডের একটি ছোট্ট বাড়ি থেকে যাত্রা করে বিশ্বসাহিত্য কেন্দ্র আজ জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কেন্দ্রের মাধ্যমে গত ৩৫ বছরে দেশে নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে একটি নীরব বিপ্লব ঘটেছে। এর নেপথ্যে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তিনি আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি শুধু মানুষ গড়ার কারিগর নন, আলোকিত মানুষ গড়ারও কারিগর।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিশ্বসাহিত্যের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করায় শিক্ষার্থীদের মধ্যে এখন নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠেছে। আলোকিত মানুষ হতে হলে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছরের প্রয়াসে দেশে আলোকিত মানুষের সংখ্যা বাড়ছে। আমি মনে করি, এ প্রয়াস হাজার বছর অতিক্রম করবে।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আবদুল্লাহ আবু সায়ীদ বড় স্বপ্ন দেখেছিলেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।’ তিনি শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিনন্দন জানান।
কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছরের পথচলা কোনো একক প্রচেষ্টায় নয়। সবার সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত শুভানুধ্যায়ীদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে আগামী দিনের পথচলায় অতীতের মতো সবার সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী, জামিলুর রেজা চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, হোসেন জিল্লুর রহমান, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, সৈয়দ মনজুরুল ইসলাম, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, ইলিয়াস কাঞ্চন, ফরিদুর রেজা সাগর, ফকির আলমগীর, আহমাদ মাযহার, আনিসুল হক, মাহমুদুজ্জামান বাবুসহ অনেকে।
বিকেল চারটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের খ্যাতিমান শিল্পীরা এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।