আলোর পথযাত্রীদের সমাগমে স্পন্দিত রমনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোর পথযাত্রীদের উচ্ছ্বাসে প্রাণস্পন্দিত হয়ে উঠেছিল রমনার বটমূল। উদ্যানের সবুজ চত্বর উৎসবমুখর হয়ে উঠেছিল বইপড়ার পুরস্কার পেয়ে উল্লসিত নবীন শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের অনুপ্রেরণা দিয়েছেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে। বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের স্কুল-কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচির ২০১২ সালের পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানের আয়োজন করে। একগুচ্ছ রঙিন বেলুন উড়িয়ে সকাল সাড়ে নয়টায় রমনার বটমূলে দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো গতকাল। দুই দিনে মহানগরের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজার ৬৭ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৪ বছর থেকে শিক্ষার্থীদের মননকে রুচিস্নিগ্ধ করে গড়ে তুলতে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী এই উৎকর্ষ সাধন কার্যক্রমের সার্বিক সহায়তা দিয়েছে প্রথম আলো। দুই দিনের এই অনুষ্ঠানের আর্থিক সহায়তা দিয়েছে গ্রামীণফোন। পুরস্কারের বই দিয়েছে ডেলটা লাইফ ইনস্যুরেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘পড়া মানে আনন্দ, পড়া মানে বিকাশ। আমরা বই পড়ি আনন্দ পাওয়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য। জীবনকে বিকশিত করে তুলতে বেশি করে বই পড়তে হবে। শুধু পাঠ্যবই আর কাজ দিয়ে জীবনকে ভরিয়ে তুললে হবে না। জীবনের মধ্যে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। হূদয়ের মধ্যে সেই ফাঁকা জায়গা তৈরি করে দেয় বই।’অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বইপড়া কর্মসূচির মাধ্যমে তোমরা সারা বিশ্বের সেরা সাহিত্যকীর্তি পড়তে পারছ। এটি বড় একটি সুযোগ। এখন যা পড়বে, তা তোমাদের হূদয়কে বিকশিত করবে। ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।’জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সমবেত কিশোর-কিশোরীদের উৎসাহ দিয়ে বলেন, ‘আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের সমৃদ্ধ দেশে পরিণত হবে। তখন আমি থাকব না। তোমরা থাকবে। তোমাদের কাছেই নানা বিষয়ে পরামর্শ নিতে আসবে আমেরিকা-ইউরোপের লোকেরা। বিশ্বে তোমরাই নেতৃত্ব দেবে। সে জন্য এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বই পড়তে হবে বেশি করে।’মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘তোমরা হলে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। দেশ থেকে দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হবে। বিশ্বের দরবারে এই দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’কেন্দ্রের ট্রাস্টি মাহবুব জামিল সুন্দর দেশ গড়তে নাগরিক দায়িত্ব পালনের জন্য নবীন প্রজন্মকে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা দেন।প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আজ থেকে ২০ বছর পরে বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ হবে। তোমরা হবে সেই সেরা দেশের সেরা মানুষ। সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’ তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুরা যা হতে চায়, যাতে তারা আনন্দ পায়, তাই হতে দিন। প্রত্যেকের বুদ্ধি আছে, প্রতিভা আছে; চর্চার মাধ্যমে তাকে বিকশিত করতে তাদের সেই চর্চা চালিয়ে যেতে হবে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন গ্রামীণফোনের করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের প্রধান দেবাশীষ রায়, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জালালু আজিম, কেন্দ্রের ট্রাস্টি ফরিদ উদ্দিন। স্বাগত জানান কেন্দ্রের পরিচালক শরিফ মোহাম্মদ মাসুদ।আলোচনা পর্বের পর শুরু হয় পুরস্কার বিতরণীর পালা। প্রথম অধিবেশনের ২৮টি বিদ্যালয়ের দুই হাজার ২৭ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ‘স্বাগত’, ‘শুভেচ্ছা’ ও ‘অভিনন্দন’ এ তিনটি শিরোনামের পুরস্কার দেওয়া হয়েছে বইপড়ার জন্য। পুরস্কারের জন্য বিদ্যালয়ের নাম ঘোষণা করলেই হর্ষধ্বনিতে পরিবেশমুখর করে তুলছিল সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরস্কার নিতে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল মঞ্চের দিকে তুমুল করতালির মধ্য দিয়ে। বিকেলের দ্বিতীয় অধিবেশনে পুরস্কার দেওয়া হয় ২৫টি বিদ্যালয়ের দুই হাজার ২৯ জনকে। এ পর্বে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম, শিশুসাহিত্যিক আলী ইমাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও উপস্থাপক আব্দুন নূর তুষার।আজ শনিবার তৃতীয় অধিবেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে ২৮টি বিদ্যালয়ের দুই হাজার ১১ জনকে পুরস্কার দেওয়া হবে। পিঠা উৎসবজাতীয় প্রেসক্লাব সবুজ চত্বরে গতকাল হরেক রকমের সুস্বাদু পিঠার সম্ভার আর মনভরানো লোকগানের পরিবেশনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বাংলার পিঠার আবহমানকালের ঐতিহ্য তুলে ধরে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পিঠার স্বাদ আস্বাদনের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে গান গেয়ে শোনান শিল্পী খুরশীদ আলম, অনিমা মুক্তি গমেজ ও শেখ হেমায়েত। এ ছাড়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গণেও গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে আট দিনের জাতীয় পিঠা উৎসব।বিকেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ ছাড়া অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এ উৎসবে ৪০টি স্টল রয়েছে। জাতীয় জাদুঘরবাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে জাতীয় জাদুঘরে মসলিন শাড়ি উপহারদাতা, জাদুঘর সুহূদ ও সমাজহিতৈষী জাহানারা খাতুনের ৮৩তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে তাঁর কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা ও আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জিনাত পারভীন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।বিনয় কে ভেলের একক আলোকচিত্র প্রদর্শনী গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে ভারতের প্রখ্যাত আলোকচিত্রী বিনয় কে ভেলের ‘বুড্ডিস্ট হেরিটেজ ইন সাউথ এশিয়া’ চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে বিনয় কে ভেল এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বক্তব্য দেন।প্রদর্শনীতে প্রায় ৪০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বিনয় কে ভেল একজন চলচ্চিত্রনির্মাতা, শিল্পকলা-ইতিহাসবিদ এবং আলোকচিত্রী, যিনি ৩৪ বছর ধরে কাজ করছেন। তিনি এশিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং শিল্প-ঐতিহ্যের প্রায় ৩৬ হাজার ছবি তুলেছেন এবং শিল্পের ইতিহাসের ওপর শতাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।শিল্পকলায় ‘পুনরাবৃত্তি’কর্কট রোগে আক্রান্ত এক মহিলার চিকিৎসা ব্যয় তহবিল গঠনের লক্ষ্যে ‘স্বরচিত আবৃত্তি বিকাশ কেন্দ্রে’র ব্যবস্থাপনায় আবৃত্তিমেলার উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাটশালা মিলনায়তনে শিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তি অনুষ্ঠান ‘পুনরাবৃত্তি’র আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাহিদুল ইসলাম কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, ‘আমি যদি হতাম’, বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘যদি নির্বাসন চাও’, মাহবুব উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, হেলাল হাফিজের ‘প্রস্থান’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন।ধ্রুবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীশুক্রবার হয়ে গেল ধ্রুব শিশু-কিশোর শিল্পী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। বিকেলে নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এতে নজরুলসংগীত শিল্পী নীলিমা দাশ, শাহীন সামাদ, কবি রেজাউদ্দিন স্টালিন ও সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম চৌধুরীকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। পরে সংগীতানুষ্ঠানে শিশু-কিশোর শিল্পীরা দেশের গান এবং আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশন করেন।