আলোর পথে সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে যখন চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সাহারার, তখন পরিচালকদের শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে আওড়াতেই নায়িকা তিনি। খুব বেশি চাওয়া ছিল না তাঁর। বছরে চার-পাঁচটি ছবিতে অভিনয় করতে পারলেই খুশি। ওই সময় চলচ্চিত্রের পরিবেশটা ছিল অন্ধকারাচ্ছন্ন। কিছু বুঝে ওঠার আগেই তখন তাঁর নামের সঙ্গে অশ্লীল ছবির নায়িকার তকমাটা লেগে যায়। চোখমুখে নেমে আসে অন্ধকার। যেন সবকিছুই শেষ হয়ে গেছে তাঁর। কিন্তু অন্ধকারের পেছনেই থাকে আলো।পরিচালক বদিউল আলম খোকনের প্রিয়া আমার প্রিয়া ছবির অভাবনীয় ব্যবসায়িক সাফল্য সাহারাকে আবার আলোয় নিয়ে এল। হাতে এল শাকিব খানের বিপরীতে একাধিক ছবির কাজ। পাশাপাশি মারুফ, ইমনের সঙ্গেও কাজ করলেন কয়েকটি ছবিতে।চলতি বছর প্রথম ছয় মাসে মুক্তি পেল সাহারার বন্ধু তুমি শত্রু তুমি, ওরা আমাকে ভালো হতে দিল না। ছবি দুটিতে শাকিব নেই। কিন্তু ছবি দুটি রয়েছে মোটামুটি মানের ব্যবসায়িক সাফল্যের কোটায়।এর ফলে সাহারা এখন বদিউল আলম খোকনের বস নাম্বার ওয়ান, এফ আই মানিকের মাই নেম ইজ সুলতান, মালেক আফসারির খোদার পরে মা ছবিগুলোয় শাকিবের বিপরীতে নায়িকা।গত ৩০ জুনের কথা। দিনভর বৃষ্টিতে কাকভেজা হয়ে এ-মার্কেট থেকে ও-মার্কেটে ঘুরছেন সাহারা। রাত পোহালেই প্রায় ১৮ দিনের জন্য দেশ ছাড়বেন তিনি। জানালেন, এ মুহূর্তে শান্তিনগরের একটি শপিংমলে আছেন। কালো রঙের বোরকা পরা একজন মুখের সামনে থেকে কাপড় সরিয়ে নিতেই সাহারাকে চেনা গেল। কফির মগে চুমুক দিয়ে বললেন, ‘বলুন, কী জানতে চান? ভোরে ব্যাংককের উদ্দেশে রওনা হব। একসঙ্গে তিনটি ছবির শুটিং করতে যাচ্ছি সেখানে। এখনো গোছগাছ হয়নি। তাই একটু তাড়া আছে।’প্রশ্ন করলাম, আজকের এই উত্থানটা অনেকটাই কল্পনার মতো মনে হয় কি না?সাহারার সহজ জবাব, ‘শুধু কল্পনা বলবেন কেন? মাঝেমধ্যেই মনে হয়, আসলেই কি আমি সেই সাহারা, যে কি না একদিন খেলার ছলে অভিনয় করতে এসেছিল, যার কি না কোনো অভিভাবক ছিল না। যে কি না চলচ্চিত্রের ভালো-মন্দ কিছুই বুঝত না।’শুরুটা তো ভালো ছিল না। তার পরও আপনি নিজেকে এই অবস্থানে নিয়ে এলেন কীভাবে?সাহারা স্মৃতি হাতড়ে বেড়ান। ‘ওই যে বললাম, চলচ্চিত্র বোঝেন এমন কেউ আমার উপদেষ্টা ছিলেন না। ছিল না আমার জন্য কোনো শুভাকাঙ্ক্ষী গণমাধ্যম। কেউ এক দিন একটা ছবি তুলে বলেনি—এসো, তোমার একটা সাক্ষাৎকার নিই। অবহেলা আর অনাদরের মানুষ ছিলাম আমি। আমি কোনো অশ্লীল ছবিতে কাজ করিনি। কিন্তু আমার ছবির অন্যরা করেছেন। দোষটা আমার ওপর এসে পড়েছে। কখনো কেঁদেছি, আবার কখনো মন খারাপ করে থেকেছি। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সব ভুলে থাকার চেষ্টা করেছি। অনেকেই সে সময় আমার ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেও বদিউল আলম খোকন, শাহাদাৎ হোসেন লিটন আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। কাজের সুযোগ করে দিয়েছেন। প্রথমে আমার প্রিয়া, এরপর তুমি স্বপ্ন তুমি সাধনা নাটকীয়ভাবেই বদলে দিল আমার দিনগুলো।’দিনবদলের পালায় সাহারার অবস্থান যে বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সবার ওপরে, সে কথার বলার অপেক্ষা রাখে না। তবে সাহারা এ জন্য যতটা না খুশি, তার চেয়ে বেশি চিন্তিত এই অবস্থানকে ধরে রাখার জন্য।‘আমার হাতে এখন ১২টি ছবি। আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা হচ্ছে। এবারের ঈদেই আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাবে। এখনকার ছবির একটা বড় সমস্যা হয়েছে যে ছবিগুলোর গল্প প্রায় কাছাকাছি রকমের হয়। গল্পে যেন আমি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি, সে চেষ্টাই করছি।’সাহারার মুঠোফোন বেজে ওঠে। পরিচালকের ফোন। ছবির কস্টিউম কী হবে, সে বিষয়েই কথা চলছে। আকাশ আরও অন্ধকার হয়ে এসেছে। ‘এই অন্ধকারাচ্ছন্ন আকাশ আমার খুবই ভালো লাগে। আরও ভালো লাগে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে। চারদিকে পানি থইথই করে। উফ্, কী যে মজা!’ বলেই চোখমুখে আনন্দ ছড়িয়ে সাহারা উঠে পড়লেন। এই ঝুম বৃষ্টিতে নিজেই গাড়ি চালাবেন। উঠতে উঠতে বললেন, শুরুটা শুভ না হলেও বর্তমানটা তাঁর শুভ। সেই আলোর পথেই ছুটছেন এখন সাহারা।