আলোয় ভুবন ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আলো নিভে গেলে মঞ্চে নামে ক্ষণিকের অন্ধকার। আধো অন্ধকারে মানুষের মুখচ্ছবি ঠিকঠাক ঠাহর করা মুশকিল। তাই বলে, সমবেত দর্শকদের ব্যাকুল প্রতীক্ষার উত্তাপটুকু আঁচ করে নিতে কষ্ট হয় না মোটেও। অচিরেই শেষ হয় রুদ্ধশ্বাস অপেক্ষা। চোখের পলকে বেমালুম পাল্টে যায় মঞ্চ। নানা বর্ণের আলোকরশ্মির ছটায় ঝিলমিলিয়ে ওঠে চতুর্দিক। সচল হয় দুই পাশের ঢাউস পর্দা। হূদ্যন্ত্রের গতি দ্রুততর করে—‘মেরিল, মেরিল-প্রথম আলো পুরস্কার...’ শীর্ষ সংগীতের সুর। ছোটে আগুনের ফুলকি। বর্ণিল স্রোতের মতো হুড়মুড়িয়ে নেমে আসে নাচের দল। স্রোতের পুরোভাগে চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গী মোনালিসা, প্রভা, মম, বাঁধন, মুনমুন। রঙিন পর্দায় দেখা প্রিয় তারকা-মুখগুলো ঝাঁক বেঁধে ঘুরতে থাকেন ধরাছোঁয়ার খুব কাছাকাছি। প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনের সুরের সঙ্গে নাচে তাল মেলান বিদেশিনী শিল্পী সোফি, এডউইনা, জেসিকা ও দিয়ানা। রুদ্ধশ্বাস প্রতীক্ষা, দুর্দান্ত চমক, আর চোখ ধাঁধানো সব কাণ্ড। এমন এলাহি কারবারের আরেক নাম—মেরিল-প্রথম আলো পুরস্কার আসর। পাক্কা ১২ বছর বয়স পূর্ণ করে ফেলা এই আসরে লক্ষণীয় ছিল সময় ব্যবস্থাপনা। সন্ধ্যা ছয়টার জায়গায় ছয়টা তিন মিনিটে শুরু। তিন মিনিটের বিলম্বের জন্যে নেপথ্য থেকে আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা-প্রার্থনা। রাত আটটা ১০ মিনিটে যবনিকা। আঁটসাঁট অনুষ্ঠান। তাই বলে আনন্দ-খুশিতে কমতি পড়েনি একরত্তিও। দুটো ‘আইটেম’-এর মাঝখানের ঢিলেঢালা ভাব একটুখানি যা থাকার কথা তার সবটুকু উড়িয়ে নিয়ে গেছে প্রথম আলোর পাঠকদের তৈরি এক মিনিটের খুদে ছায়াছবি। এমন একটা মহা আয়োজনের উপস্থাপনা করতে বুকে সাহস লাগে। খুব বেশি সাহসী মানুষকে আমরা কী বলি? বলি ‘বাঘের মতো সাহসী?’। সম্ভবত সে কথা মনে করিয়ে দিতেই কৃত্রিম ব্যাঘ্রশাবকের উদর থেকে আত্মপ্রকাশ করলেন ছোট পর্দার অতি জনপ্রিয় দুই অভিনেতা—মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ ভাব নিয়েই কাঁধে তুলে নিলেন উপস্থাপনার দায়িত্ব। শেষ পর্যন্ত যা করে দেখিয়েছেন, সেটা অবশ্য সুন্দরবনের বাঘের মতোই অতুলনীয়। তাঁদের শুরুর বাহাসটা এ রকম—মোশাররফ: বিয়ের আগে আমি উপস্থাপনা করতে পারতাম বাঘের বাচ্চার মতোই। কিন্তু এখন আমি পারব না। আমি যাই। (মোশাররফ উল্টো ফিরে পেছনে রওনা দেন)চঞ্চল: এই মোশাররফ। আমাকে একা ফেলে রেখে যেয়ো না। আমার বউ বলেছে, কোথাও একা যাবে না।মোশাররফ: তাহলে তুমিও চলো। কেটে পড়ি। (এই সময় মোশাররফের ফোন বাজে)। মোশাররফ: হ্যালো। হ্যাঁ হানি বলো...(ওপাশে তাঁর স্ত্রীর কণ্ঠ নকল করে ফোন করেছেন চঞ্চল নিজেই)।মোশাররফের বউরূপী চঞ্চল: শোনো। মেরিল-প্রথম আলোর মঞ্চে উঠেছ! উপস্থাপনা শেষ না করে নামবে না।মোশাররফ: আমার ভয় লাগে যে...মোশাররফের বউরূপী চঞ্চল: ফের মুখে মুখে তর্ক। যা করতে বলছি করো। রাখি।মোশাররফ (কিছু না বুঝেই চঞ্চলকে): এসো এসো। আমরা না বাঘের বাচ্চা। উপস্থাপনা করি।এইভাবে শুরু। বাকি পুরোটা সময় আমাদের নিত্যদিনকার বিদ্যুৎসংকট থেকে শুরু করে ফরমালিনের অতি ব্যবহার। দুইয়ে মিলে বিদ্রূপ করতে ছাড়েননি কোনোটাকেই। মাটিতে পড়তে দেননি ত্বরিত রসিকতা করার একটা সুযোগও। একটা নমুনা শুনুন। (মঞ্চ প্রায় অন্ধকার।) চঞ্চল: মোশাররফ মঞ্চটা একটু অন্ধকার লাগছে। লোডশেডিং চলছে নাকি? আলো দরকার তো। মোশাররফ: হ্যাঁ। লো ভোল্টেজ মনে হয়। আমাদের তো দেখাই যাচ্ছে না। চঞ্চল: ঠিক আছে। আলোর ব্যবস্থা করি। মোশাররফ (উচ্চ স্বরে): ...ভাই, ভালো দেখে দুইটা আলো।(পেছন থেকে চুপচাপ দুই সহ-উপস্থাপিকা ইশানা ও অর্ষার মঞ্চে প্রবেশ) চঞ্চল: বাহ। চমৎকার আলো।মোশাররফ: দর্শকমণ্ডলী। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, মঞ্চ আলোকিত করতে এসেছেন দুই আলো—অর্ষা ও ইশানা।এই দুই আলোকিতার জন্য একটা করতালি চাই।দুই উপস্থাপকের আত্মপ্রকাশের আগে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি ব্যক্ত করলেন মেরিল-প্রথম আলো পুরস্কার ‘বছরের পর বছর’ বজায় রাখার দৃঢসংকল্প ও আশাবাদ। এরপর সমবেত দর্শকদের অভিনন্দন জানাতে মঞ্চে আসেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মনে করিয়ে দিলেন, এই পুরস্কার শুধু এবারের বিজয়ীদের জন্য নয়; যাঁরা এই দফায় পুরস্কার জিততে পারেননি, তাঁদের জন্যও এটি সুবিশাল এক প্রেরণার উৎস। গুণী শিল্পী সুধীন দাশকে আজীবন সম্মাননা দেওয়ার পর নাচে আর গানে আবারও সরব মঞ্চ। রেজওয়ানা চৌধুরী বন্যা আর ফাতেমা-তুজ-জোহরা জুটি। রবীন্দ্র ও নজরুলসংগীতের এই দুই নন্দিত কণ্ঠশিল্পীর সুরে নাচলেন অপি করিম। এরপর আসরের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। মেরিল-প্রথম আলো পুরস্কারজয়ীদের নাম ঘোষণার পালা। প্রথম হাসি হাসলেন হাবিব ওয়াহিদ। ২০০৯ সালের সেরা কণ্ঠশিল্পীর (পুরুষ) পুরস্কার তিনি নিলেন আলম খান ও রুনা লায়লার হাত থেকে। নারীদের বিভাগে একই পুরস্কার গেল ন্যান্সির ঘরে। তারকা জরিপে সেরা টিভি অভিনেতার পুরস্কারজয়ী স্বয়ং হাজির ছিলেন উপস্থাপকদের একজন হিসেবে। তিনি মোশাররফ করিম। অল্পের জন্য ফসকে গেছে পুরস্কার। তাই আরেক ‘ব্যাঘ্রশাবক’ চঞ্চলের দুঃখ তখন দেখে কে! চঞ্চলের ছদ্ম দুঃখের পালা ফুরাতে অবশ্য সময় লাগেনি। ছোট পর্দার পুরস্কার পিছলে গেলেও সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার হাতছাড়া হতে দেননি তিনি। মনোনয়ন ঘোষণার সময় প্রদর্শিত টিভি নাটকের ক্লিপিংসে তাঁর বারবার উপস্থিতিই বলে দিচ্ছিল ২০০৯ সালের ছোট পর্দা ছিল জয়া আহসানের দখলে। সেরা অভিনেত্রীর তারকা জরিপ ও সমালোচক—দুই বিভাগেই মনোনয়ন ছিল তাঁর। পয়ল নম্বরটা ঠিকঠাক জিতে নিলেও শেষতক জয়ার কাছে ‘অধরা’ থেকে গেছে দ্বিতীয়টি। সেরা নির্দেশক ও সেরা চিত্রনাট্যকার—দুটো পুরস্কারই গেছে নুরুল আলম আতিকের ঘরে। তাঁর বিকল পাখির গান-এর বিজয়রথ এসে থেমেছে সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার বিভাগে। বিচারকদের চোখে বিজয়ী অভিনেত্রীর নাম—দিহান। বাণিজ্যিক ছবিতে শাকিব খান এখন সত্যিই ‘নাম্বার ওয়ান’। বড় পর্দার সবচেয়ে নামী আর দামি এই তারকা মঞ্চে এসেছিলেন তাঁর চেনা রূপেই। বিন্দু, মীম আর শখকে সঙ্গী করে নাচে-গানে আসর মাত করে আবারও তিনি প্রমাণ করলেন শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের পেছনে কারণ আছে যথেষ্ট। ছোট পর্দা শেষে বড় পর্দার পুরস্কার ঘোষণায় যাওয়ার আগে ‘বাহির বলে দূরে থাকুক’ নিয়ে একযোগে এলেন হাবিব-ন্যান্সি, তিশা-তপু, নওশীন-ফারদিন আর সজল-সারিকা। আসরের শেষ অংশটা বলা ভালো মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর। সেরা চিত্রপরিচালক, সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী (তিশা) এবং সেরা অভিনেতার বিশেষ পুরস্কার (তপু)—সবখানেই বিজয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর। বছরের আরেক সাড়া জাগানো ছবি মনপুরা মামুনুর রশীদকে এনে দিয়েছে সেরা অভিনেতার পুরস্কার। তারকা জরিপ বিভাগে সেরা অভিনেত্রী শাবনূর (বলব কথা বাসর ঘরে)। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে গর্বের এবং একাত্মতার জায়গা কোনটি? নিশ্চিতভাবে সেটি ক্রিকেট। সেই ক্রিকেট নিয়েই গান—‘বাংলাদেশ, বাংলাদেশ’। কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ মেলাতে সদলবলে হাজির সাকিব আর আশরাফুলরাও। ক্রিকেটপাগল বাংলাদেশের কথা মনে করিয়ে দিতেই যেন ব্যাট হাতে উদয় হলো একঝাঁক কচি-কাঁচার দল। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত চৌদিক। পুরস্কারজয়ী তারকা আর প্রিয় ক্রিকেটাররা একযোগে আলো করে রেখেছেন মঞ্চ। গানে গানে বাজছে প্রিয় বাংলাদেশের জয়ধ্বনি। যেদিকে চোখ যায় শুধু আলোর রোশনাই। ফিরতে আর কারই বা ইচ্ছে করবে? কিন্তু অমোঘ নিয়তির মতো, পেছনে ততক্ষণে উন্মুক্ত হয়ে গেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের সদর দরজা। বুঝে নিতে হয়—এবারকার মতো সাঙ্গ হলো অযুত-নিযুত নক্ষত্রের মেলা।