আশা নিরাশার দেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশা দ্য লিডার ছবিতে তারিক আনাম খান
দেশা দ্য লিডার ছবিতে তারিক আনাম খান

নায়ক শিপন আর পরিচালক সৈকত নাসির, দুজনের একসঙ্গে অভিষেক দেশা দ্য লিডার ছবিতে। প্রথম ‘ম্যাচে’ কেমন খেললেন দুজন? দেখতে হাজির হই স্টার সিনেপ্লেক্সে। একজন দলের অধিনায়ক, আরেকজনকে ধরে নিই টপ অর্ডার ব্যাটসম্যান। অধিনায়কের সাহসী ভূমিকা দেখে এই হয়তো নড়েচড়ে বসেছি, পরক্ষণেই একটা দুর্বল প্রচেষ্টা মন খারাপ করে দেয়। অভিষেকের নার্ভাস ভাবভঙ্গি শিপনের মধ্যে আগাগোড়াই ছিল। তবু কিছু দৃশ্যে ক্ষণিকের জন্য মনে হচ্ছিল, দলের মুমূর্ষু অবস্থায় টপ অর্ডারে নেতৃত্ব দেওয়ার জন্য এমন একজন নায়কই দরকার!
রাজনীতির খেলা, টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি-প্রীতি, রিয়েলিটি শো, সমসাময়িক বিষয়গুলো বেশ ভালো উঠে এসেছে দেশা দ্য লিডার ছবিতে। রাজনীতির মারপ্যাঁচ নিয়ে ছবি নির্মাণের এই চেষ্টা নিঃসন্দেহে বাহবা পাওয়ার মতো। গল্পটা এমন—রাজনীতিবিদদের নিয়ে চ্যানেল নাইন্টি নাইনের টিভি রিয়েলিটি শো ‘হুজ আওয়ার নেক্সট লিডার’। এই অনুষ্ঠানের উপস্থাপক সৃষ্টি (মাহি)। ফাইনাল রাউন্ডে দর্শকের এসএমএসে নির্বাচিত হন হাসান হায়দার (তারিক আনাম খান)। রিয়েলিটি শোর নিয়ম অনুযায়ী একজন দর্শকের বাড়িতে দুই দিন থাকতে হবে তাঁকে, সমাধান করতে হবে এলাকার সমস্যাগুলো। লটারির মাধ্যমে নির্বাচিত দর্শক সেলিমের বাড়িতে অতিথি হয়ে হাসান হায়দার পা রাখেন আয়নাপুর গ্রামে। ঘটনাক্রমে টেলিভিশন ক্যামেরার সামনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাসান হায়দারের জীবন বাঁচায় সেলিম। গ্রামের ছেলেটাই রাতারাতি পরিচিতি পেয়ে যায়, একসময় সে হয়ে ওঠে ‘দেশা’।
গল্পের মূল চমকটা না বলাই থাক। তবে রাজনীতি নিয়ে নির্মিত দু-চারটা হিন্দি, তামিল বা ভারতীয় বাংলা ছবি যেসব দর্শকের দেখা আছে, তারা বোধ হয় আগেই টুইস্টটা বুঝে ফেলবেন। মূল চমকটা যদি ধরেই ফেলেন, কিসের আকর্ষণ আপনাকে ধরে রাখবে? দারুণ সিনেমাটোগ্রাফি, জেমসের গান ছাড়া আরও একটা উত্তর হতে পারে, তারিক আনাম খানের অভিনয়! অধিনায়ক সৈকত নাসিরের দলে একজনই অলরাউন্ডার। দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে এই ‘মিডল অর্ডার ব্যাটসম্যান’ই হাল ধরলেন! অধিকাংশ রাজনীতিবিদই ভালো অভিনয় জানেন। সে ক্ষেত্রে একজন রাজনীতিবিদের চরিত্র তুলে ধরা মানে অভিনয়ের অভিনয়! তারিক আনাম খান ব্যাপারটা সুন্দর ফুটিয়ে তুলেছেন।
ছোট পর্দার কোনো প্রযোজক যদি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে মাহির কথা ভেবে থাকেন, এই ছবি দেখলে তাঁকে দ্বিতীয়বার ভাবতে হবে। উপস্থিতি যতই গ্ল্যামারাস হোক, উপস্থাপক হিসেবে মাহিকে খুব বেশি নম্বর দেওয়া যাবে না। ক্রিজে নায়ক শিপনের সঙ্গে তাঁর পার্টনারশিপ খুব দীর্ঘ না হলেও জুটি মন্দ ছিল না। সংলাপ ছাড়া দৃশ্যগুলোয় শিপনকে বেশ মানিয়েছে। তাঁর সমস্যা দুটি—প্রথমত, অতি অভিনয় আর দ্বিতীয়ত, কম অভিনয়! গ্রামের সাধারণ যুবকের চরিত্র করতে গিয়ে কখনো কখনো এতটাই ‘অতিসাধারণ’ হয়ে গেলেন, মনে হচ্ছিল শুটিং দেখতে এসে ভুল করে সেটের ভেতর ঢুকে পড়েছেন! তবু শিপনকে সম্ভাবনাময়ই বলতে হয়।
ছবির একটি দৃশ্যে চ্যানেল নাইন্টি নাইনের সংবাদে সরাসরি রিপোর্ট করছিলেন একজন প্রতিবেদক। হঠাৎ বোমা বিস্ফোরণে ছিটকে পড়লেন তিনি। স্টুডিওতে থাকা সংবাদপাঠক এত নির্বিকার ভঙ্গিতে সংবাদের বাকি অংশ পড়ে গেলেন, মনে হলো এসব ঘটনা তাঁদের চ্যানেলে নিয়মিতই হয়! গল্প আর নির্মাণে এমন কিছু ফাঁক বাদ দিলে দেশা দ্য লিডার মন্দ নয়।