আশা নয়, ‘বলিউড স্টার নাইট’
কথা ছিল, ৮ এপ্রিল সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি টুইটারে আশা ভোঁসলে জানান, তিনি বাংলাদেশ সফরের ব্যাপারে কিছুই জানেন না। গত মঙ্গলবার আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘আশা ভোঁসলের সঙ্গে আমাদের আলোচনা অনেক আগেই চূড়ান্ত হয়েছে। তাঁকে অগ্রিম সম্মানীও পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তবে তিনি এ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি। তিনি জানান, ব্যক্তিগত কারণে ৮ এপ্রিল আশা ভোঁসলে ঢাকায় আসতে পারছেন না। তাঁর এই কনসার্টের তারিখ পরে জানানো হবে। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই দিন একই সময়ে ‘বলিউড স্টার নাইট’ নামে আরেকটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে যোগ দিতে ঢাকায় আসছেন বলিউড তারকা আমিশা প্যাটেল, রাভিনা ট্যান্ডন ও মোহিত চৌহান। এরই মধ্যে তাঁরা অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতিপত্র পাঠিয়েছেন। তাঁদের সঙ্গে আরও আসছেন মুনা সিং। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে থাকছেন মিলা।