আশা বেঁধে রাখি
টিভি-নাটক, মঞ্চনাটক, সংগীত ও চলচ্চিত্র—নতুন বছরে চার অঙ্গনে কী প্রত্যাশা? চার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানিয়েছেন নতুন বছরে তাঁদের প্রত্যাশা ও স্বপ্নের কথা।গণমাধ্যমকে হতে হবে আরও দায়িত্বশীল—মুস্তাফা মনোয়ারআমরা নাটক দেখি কিন্তু গল্পটা শুনি। যেটা না দেখলেও চলে। কেবল গল্প দেখানো নয়, তার অভিনয় প্রদর্শনও জরুরি। একসময় সোপ অপেরার প্রচলন ছিল। সাবান-বিক্রেতারা দুপুরবেলা গৃহিণীদের গল্প শোনাতেন। কেবল গল্পের মাধ্যমে কাহিনি এগিয়ে যেত। সেখানে কোনো উত্থান-পতন ছিল না। অন্যদিকে নাটকে উত্থান-পতন থাকে। দর্শক ঘটনার পরিণতি চায়।মানুষ গান শুনতে চায়, সেই গান, যা মানুষের চিত্তে রয়ে যায়। অসহায় মানুষ গল্প শুনতে ভালোবাসে। হিটলার একবার বলেছিলেন, বাজারে লোভী ব্যবসায়ী থাকলে যেকোনো জিনিস সেখানে ঢোকানো যায়। সেখানে পণ্যের উচ্চ মান রক্ষার প্রশ্ন ওঠে না। একই অবস্থা আমাদের টেলিভিশন-নাটকের ক্ষেত্রে। হঠাত্ করে এ সেক্টরটা বেড়ে গেছে। এখানে লোভী ব্যবসায়ীর প্রবেশ ঘটেছে। ফলে হয়তো পণ্যের (সৃজনশীল কাজ) মান রক্ষা পাচ্ছে না। শৈল্পিক কাজে উচ্চ মান রাখতে গেলে দেশপ্রেম থাকতে হবে, সামাজিক মূল্যবোধ থাকতে হবে।আমাদের কৃষিভিত্তিক সমাজের সংস্কৃতি গড়ে উঠেছে কৃষিকে কেন্দ্র করে। কৃষক মাঠে ধানগাছের চারা রোপণের জন্য অপেক্ষা করে আবার ভালো ফসল তোলার জন্য প্রতীক্ষায় থাকে। কিন্তু আমাদের এখানে কেবলই সংখ্যা বাড়ানোর চেষ্টা, মান বাড়ানোর প্রবণতা নেই। শিল্পকলা কখনো ভোট দিয়ে হয় না। একটি ছবি অনেকের কাছে ভিন্নভাবে ভালো লাগতে পারে। এ জন্য বাঙালি কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘আজি হতে শতবর্ষ পরে/ কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি।’ শতবর্ষ আগে রবীন্দ্রনাথ বিষয়টি অনুধাবন করেছিলেন এবং ১০০ বছর পরও আমরা সেই কবিতাটি প্রাণভরে গ্রহণ করতে পারছি। তাঁর শৈল্পিক সত্তা সম্পূর্ণ বজায় আছে।যেকোনো কিছুর সংবাদ থাকতে হয়। যদিও সংবাদটি জানার পর তা পুরোনো হয়ে যায়। মানুষ তখন নতুন খবরের জন্য অপেক্ষা করে। নাটকেও যদি সংবাদ পরিবেশন করতে হয়, তাহলে সেটা খুব সাময়িক হবে। দেখার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভুলে যাবে। একসময় টেলিভিশনে একক নাটক হতো, বড় নাটক হতো। এখন বহু নাটক হচ্ছে কিন্তু মানুষের অনুভূতি জাগাতে পারছে না। কারণ আমাদের চাহিদা অনুযায়ী তেমন দক্ষ নির্মাতা, কলাকুশলী তৈরি হচ্ছে না। পৃথিবীর সব মাধ্যমে (মিডিয়া) দর্শক চারটি বিষয়ের প্রতি গুরুত্ব দেয়—বিনোদন, তথ্য, শিক্ষা ও বোঝানো (পারসুয়েশন), যা দেখে দর্শক মানুষের চরিত্র ও সমাজের পরিবর্তন বুঝতে পারে। আমাদের দেশে সরকারি গণমাধ্যম বেসরকারি গণমাধ্যমকে অনুসরণ করে। তারা স্বকীয় চরিত্র নির্মাণ করতে পারছে না। অথচ বিবিসি সরকারি গণমাধ্যম হলেও তাদের অনুষ্ঠানের মান সম্পর্কে কেউ প্রশ্ন করে না। কারণ তারা দক্ষ, কুশলী দিয়ে মানসম্মত অনুষ্ঠান তৈরি করে। সুতরাং আমাদের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল জবাবদিহি এবং মানসম্মত নাটক, অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করতে হবে। প্রতিটি অনুষ্ঠানের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। দর্শকেরা সেটিই প্রত্যাশা করে।আমাদের ‘থিয়েটার স্কুল’—রামেন্দু মজুমদারআমি অনেক কিছু নিয়ে কাজ করি। সব সময় মনে হয়, স্থায়ী কোনো কিছুই করতে পারলাম না। তাই ২০১০ সালে নতুন করে সংকল্পবদ্ধ হয়েছি যে এ বছর সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমাদের থিয়েটার স্কুলের (যার বর্তমান নাম আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল) জন্য একটা শক্ত ভিত গড়ে তোলার কাজে। আমরা ঠিক করেছি, যদি ৭০-৮০ লাখ টাকার একটা স্থায়ী আমানত গড়ে তুলতে পারি, তবে ভবিষ্যতে থিয়েটার স্কুল চালানোর জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কারণ, থিয়েটার স্কুলে ছাত্রদের বেতন থেকে যে আয়, তা দিয়ে তিন মাসের খরচ চালানো যায়।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজসচেতন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা খুব একটা কঠিন হবে না। আমরা পৃষ্ঠপোষকতার জন্য কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে আবেদন জানাব। দাতাদের জন্য আমরা তিন ধরনের ব্যবস্থা রেখেছি—পৃষ্ঠপোষক (যাঁরা এককালীন ১০ লাখ টাকা দেবেন), অনুপ্রেরক (এককালীন পাঁচ লাখ টাকা) ও শুভানুধ্যায়ী (এককালীন এক লাখ টাকা)। ইতিমধ্যে লাখ বিশেক টাকা আমাদের তহবিলে জমা হয়েছে।আমাদের দ্বিতীয় লক্ষ্য স্কুলের স্থায়ী ভবন নির্মাণের জন্য একটি জমি সংগ্রহ করা। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি আমাদের একটি জমি বরাদ্দ দেওয়ার জন্য। সেটা পেলে আমরা সবার সহায়তায় থিয়েটার স্কুলের জন্য একটি স্থায়ী ভবন গড়ে তুলতে পারব। এ স্বপ্ন বাস্তবায়নই হবে এ বছর আমার প্রধান কাজ।উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাঠানো—সুবীর নন্দীকয়েক বছর ধরে সংগীতবিষয়ক প্রতিযোগিতাগুলো দেশে ও বিদেশে দর্শক-শ্রোতা ও সংগীতপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।এ ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন সময় যুক্ত থেকে আমি এর ভালো ও মন্দ দুটো বিষয়ই অনুধাবন করতে পেরেছি। দুই ধরনের প্রতিযোগী এসব প্রতিযোগিতায় আসছে। কেউ গান শেখার পর আসে, কেউ আসে দু-একটি গান শিখে। এদের কারও কারও ঈশ্বর-প্রদত্ত কণ্ঠও রয়েছে।সংগীতে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নিরলস সাধনা, শেখা, চর্চা। কিন্তু বেশির ভাগ সময়ই দেখেছি এদের অনেকেরই চোখে তারকা হওয়ার স্বপ্ন। এমনকি অনেক অভিভাবককেও তাঁদের সন্তানকে রাতারাতি তারকা বানানোর চেষ্টা করতে দেখেছি।আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রতিযোগিতায় আর্থিক পুরস্কার না দিয়ে অন্যভাবে তাঁদের পুরস্কৃত করা উচিত। সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কখনো কখনো উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করলে সেটাই হবে এদের শিল্পী হিসেবে তৈরি করার জন্য সহায়ক হবে।কিন্তু প্রতিযোগিতা শেষে তাদের সংগীতের ভিত আরও মজবুত করার কোনো উদ্যোগ দেখেছি না। হাতে গোনা কয়েকজন আমাদের দেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সংগীত গুরুমুখী বিদ্যা। অন্য কিছুর ওপর ভর করে এখানে বেশি দূর এগোনো যায় না। বিকল্প অন্য কিছুর ওপর ভর করলে মাঝপথে এ পথচলা থেমে যাওয়ার আশঙ্কা থাকে। নতুনদের কণ্ঠে আমরা যুগ যুগ গান শুনতে চাই। তারা বাংলা সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা।পরিবেশনার জন্য দরকার যথাযথ বিনিয়োগ—তারেক মাসুদবাংলা বছরটা মনপুরা দিয়ে ভালোই শুরু হয়েছিল। ইংরেজি বছরটাও ভালোভাবেই শেষ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর মুক্তির মধ্য দিয়ে। মনপুরা আমাদের মন পুরাল, হল ভরাল। কেবল বক্স অফিসের রেকর্ড নয়, ফর্মুলা ছবির অনেক ফর্মই ভাঙল। তৈরি তারকায় ছবি নয়, ছবিই তারকা তৈরি করে, তা আবার প্রমাণিত হলো। প্রথমবারের মতো মুভি ক্যামেরা হাতে নিয়ে খসরু বাজিমাত করলেন। গিয়াসউদ্দিন সেলিমকে আমার পক্ষ থেকে সালাম, শত সংগ্রামের পরও প্রযোজক হিসেবে নিজের স্বাধীন সত্তা বজায় রেখেছেন বলে। আরও ধন্যবাদ, পেশাদার পরিবেশক যুক্ত না করে আমরা অনেকেই যে ভুল করি, তিনি তা করেননি। চলচ্চিত্রের এই পুনর্জাগরণ বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলে মনে করি। একটি কথা, এককালে ছবি জনপ্রিয় হলে, পরে গান মানুষের মুখে মুখে ফিরত। আজকাল দেখছি, আগাম গান জনপ্রিয় হলে নিশ্চিত হওয়া যায় যে ছবি চলবে। আমাদের সিনেমার জন্য এটা ভালো না মন্দ, ভাবতে হবে।মনপুরা ফেনোমেনা থেকে এফডিসির ফর্মুলাভিত্তিক ও তারকাখচিত সিনেমা শেখার অনেক কিছু ছিল। কিন্তু তারা উল্টোপথে চলে ইন্ডাস্ট্রিরবারোটা বাজাচ্ছেন। রবীন্দ্রনাথের কথায়, শরীরের সমস্ত রক্ত কেবল মুখে এসে জমা হলে তাকে স্বাস্থ্য বলা চলে না। ইদানীং ব্যবসাসফল ফর্মুলা ছবির পুরো বাজেটের প্রায় অর্ধেক টাকা একজন নির্দিষ্ট তারকার পারিশ্রমিক হিসেবে খরচ হয়। তারকাসর্বস্ব সেই ছবিগুলোর সব কটিই যে ব্যবসাসফল তা নয়। দুই বছর হলো আইন করে, র্যাব দিয়ে অশ্লীল ছবি থামানো গেছে। কিন্তু তাতে ইন্ডাস্ট্রি চাঙা হওয়ার কোনো লক্ষণ নেই। উন্নতি হয়েছে বৈকি! ধরা পড়ার ভয়ে আমরা আর বলিউডের ছবি নকল করি না। অপরিচিত চেন্নাইয়ের ছবি কপি করি। নকলের ক্ষেত্রে আমরা মৌলিকতা অর্জন করেছি! পশ্চিমবঙ্গে যেখানে প্রতিটি শপিং কমপ্লেক্সে ডিজিটাল প্রজেকশনসহ পাঁচ-ছয়টি হলবিশিষ্ট মাল্টিপেক্স তৈরি হচ্ছে, সেখানে আমাদের দেশে উল্টো শত শত সিনেমা হল ভেঙে শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। এর মধ্যে মাল্টিপ্লেক্স তো দূরের কথা, একটি মিনি থিয়েটারও যুক্ত হচ্ছে না। গত বছর ৪০টি সিনেমা হল বন্ধ হয়েছে। গত বছর নির্মিত ছবির সংখ্যা আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ বছর ডিজিটাল ছবি নিয়ে যত কথা হলো, কাজ তত হলো না। সিনেমা থেকে দামামা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রদর্শনের অবকাঠামো না থাকায় দর্শকেরা ছবিটির যথাযথ স্বাদ নিতে পেরেছেন বলে মনে হলো না। প্রিয়তমেষুর সৌজন্যে ডিজিটাল ছবির স্বীকৃতি মিলল। তবে প্রেক্ষাগৃহে পেশাদারি প্রদর্শনের অবকাঠামো তৈরি না করে সেন্সরের গিলোটিনে গলা এগিয়ে দেওয়ায় ভালো না মন্দ হলো, তা ভবিষ্যতে বোঝা যাবে। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের কল্যাণে চলচ্চিত্র বিষয়টি যতটা প্রদর্শনের, তার চেয়ে প্রচার আর সমপ্রচারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপন-বিরতি দিয়ে সিনেমা নয়, সিনেমা-বিরতি দিয়ে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। তাতে সিনেমার বিজ্ঞাপন হয় বটে, দেখা হয় না। ছবি প্রচার করলেই তা ভালো চলবে তা নয়, পরিবেশনার জন্য দরকার যথাযথ বিনিয়োগ। ইমপ্রেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর মধ্য দিয়ে অবশেষে পরিবেশনার ক্ষেত্রে সঠিক পথে পা বাড়িয়েছে বলে মনে করি। আশা করি তারা এই ছবির মধ্য দিয়ে টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ারের উপসংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। ভালো ছবি কেবল আন্তর্জাতিক উত্সবে আর বিদেশে ভালো চলবে, দেশে জনপ্রিয় হলে বাইরে স্বীকৃত হবে না, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পথের পাঁচালী আদর্শ। লালসালু, মাটির ময়না বাইরে প্রশংসিত হয়েছে বলে দেশে কম চলেছে? সরয়ার ফারুকীর ছবিটি এই বিভাজন ঘোচাবে বলে মনে করি। ছবিটি এখনো ঠিকমতো বড় পর্দায় দেখা হয়নি। তবে যতটুকু দেখেছি,মনপুরার মতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটিতেও ক্যামেরার কাজ চমত্কার। রিপন তার প্রথম সিনেমায় আমাদের চমকে দিয়ে চিরতরে ছেড়ে গেল।