আশা ভোঁসলেকে নিয়ে কটূক্তি করলেন রাজ থাকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের নিয়ে সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘সুর-ক্ষেত্র’ প্রচার না করার জন্য হুমকি দেওয়ার পর এবারে অনুষ্ঠানটির বিচারক আশা ভোঁশলে সম্পর্কে কটূক্তি করলেন মহারাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ থাকারে।সম্প্রতি এক খবরে পিটিআই জানিয়েছে, পরোক্ষভাবে আশা ভোঁশলেকে অর্থলোভী বলেছেন রাজ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমাদের দেশকে ধ্বংসের পাঁয়তারা করছে পাকিস্তান এবং বাংলাদেশ। অথচ পাকিস্তান থেকে সংগীত প্রতিভা খুঁজে বের করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আশা ভোঁশলে।’ রাজ আরো বলেন, ‘আশা ভোঁশলের মতে, অতিথি ঈশ্বর তুল্য। তাহলে কাসাবকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি এমনটি বলেননি কেন! পাকিস্তানি শিল্পীদের সঙ্গে জোট বেঁধে আশা কেন রিয়েলিটি শো করছেন তার প্রকৃত কারণ বের করতে হবে। আমার তো মনে হয়, অতিথি ঈশ্বর তুল্য নয়, অর্থ ঈশ্বর সমতুল্য—এ নীতিতে বিশ্বাস করেন আশা।’রাজ থাকারের মতে, ‘সুর-ক্ষেত্র’ অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে মোটেও ঠিক কাজটি করেননি আশা। এ প্রসঙ্গে রাজ বলেন, ‘কোনো অবস্থাতেই এ অনুষ্ঠানের সঙ্গে নিজেকে জড়ানো উচিত হয়নি আশার। অনুষ্ঠানটির প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করা উচিত ছিল তাঁর।’ রাজ আরো বলেন, ‘ভারতে সবার কাছেই অনুকরণীয় আশা। তিনি আমাদেরকে পথ দেখাবেন—এটাই ছিল স্বাভাবিক। অথচ তিনি এমন সব কীর্তি ঘটাচ্ছেন যে, উলটো তাঁকেই পথ দেখাতে বাধ্য হচ্ছি আমরা। ভারতে কী সংগীত প্রতিভার আকাল পড়েছে! তাঁদেরকে খুঁজে বের করে বড় শিল্পী হওয়ার সুযোগ করে দিন।’এ ছাড়া, কালারস সহ সব টিভি চ্যানেলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাজ বলেছেন, ‘স্রেফ টিআরপি বাড়ানোর লোভে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে টিভি চ্যানেলগুলো। ভবিষ্যতে কোনো টিভি চ্যানেলে এ ধরনের অনুষ্ঠান প্রচারের কারণে যদি তাদের কার্যালয়ে কোনো অঘটন ঘটে, তার দায়-দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে।’উল্লেখ্য, এর আগে ‘সুর-ক্ষেত্র’ অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য আশা ভোঁশলের কাছে লিখিতভাবে অনুরোধ জানায় মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। এর জবাবে আশা বলেন, ‘অতিথি ঈশ্বর সমতুল্য—আমি এই নীতিতে বিশ্বাসী। রাজনীতি আমি পছন্দ করি না, বুঝিও না। কিন্তু রাজ থাকারেকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি আমার সম্পর্কে যা-ই ভাবুন না কেন, এখনো তাঁকে আমি অনেক পছন্দ করি।’ আশা আরও বলেন, ‘সর্বোপরি আমি একজন সংগীতশিল্পী। আমার কাছে সংগীতের ভাষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এ ভাষাটিই আমি সবচেয়ে ভালো বুঝতে পারি।’