আশানুরূপ সাফল্য পায়নি ঈদের ছবি
এবার চলচ্চিত্র প্রযোজক ও প্রেক্ষাগৃহের মালিকদের প্রত্যাশা ছিল, ঈদে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ঢল নামবে। এই আশায় পাঁচটি ছবি মুক্তি দেওয়া হয়। ঈদের দিন সকালে প্রায় সব প্রেক্ষাগৃহেই শাকিব খান অভিনীত ছবিগুলো দেখার জন্য দর্শকদের ভিড় হয়। কিন্তু ঈদের পরদিন থেকে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের সেই ভিড় আর দেখা যায়নি। গত শনিবার রাজধানীর রাজমণি, জোনাকী, মধুমিতা, অভিসার, পূরবী, সনি, বলাকা প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে, কোথাও কোনো প্রদর্শনী দর্শকপূর্ণ হয়নি।জোনাকী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে জান কোরবান। এই ছবির ব্যাপারে টিকিট বিক্রেতা বলেন, ‘খুবই খারাপ। ঈদের মধ্যে যে ছবি এতটা খারাপ যায়, তা আগে দেখিনি।’মধুমিতা প্রেক্ষাগৃহের একজন কর্মকর্তা জানালেন, আগে ঈদে প্রথম তিন-চার দিন প্রায় প্রতিটি প্রদর্শনীই দর্শকপূর্ণ থাকত, কিন্তু এবার তা নেই। সনি প্রেক্ষাগৃহের কর্ণধার মোহাম্মদ হোসেন বলেন, ‘আসলে কোনো ছবিরই নির্মাণশৈলী ভালো হয়নি। আমার প্রেক্ষাগৃহে দেখাচ্ছি একবার বলো ভালবাসি। এটি প্রায় আড়াই কোটি টাকার বাজেটের ছবি। ছবিতে মারামারি আর মারামারি। নতুনত্ব কিছুই নেই। যতটুকু জেনেছি, এখন পর্যন্ত শাকিব খানের টাইগার নাম্বার ওয়ান ছবিটিই একটু ভালো অবস্থায় আছে।’বলাকা প্রেক্ষাগৃহের কর্মকর্তা জয় বলেন, ‘বলাকা ১-এ চলছে টাইগার নাম্বার ওয়ান। এখন পর্যন্ত তিনটি প্রদর্শনী দর্শকপূর্ণ হয়েছে। এটা মোটেও প্রত্যাশিত ফল নয়।’বুকিং এজেন্টরা বলছেন, টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালায় প্রায় প্রতিদিনই শাকিব খান অভিনীত জনপ্রিয় ছবিগুলো দেখানো হচ্ছে। এ কারণেই প্রেক্ষাগৃহে দর্শক কম আসছে। ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে খবর নিয়ে জানা গেছে, টাইগার নাম্বার ওয়ান ছবিটি ভালো অবস্থায় আছে। এ ছাড়া ইমন অভিনীত গরীবের ভাই ও আমার পৃথিবী তুমি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। আমার পৃথিবী তুমি ছবির নির্মাতা গাজী মাহাবুব দাবি করেছেন, তাঁর ছবিটিই এখন পর্যন্ত এক নম্বর অবস্থানে আছে। কিন্তু প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে দেখা গেছে অন্য চিত্র।