
২২ জুলাই ভেঙে পড়ল ওকগাছটি।
উঁহু, এভাবে বললে কেউ বুঝবে না। আমরা দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার ওকগাছটির কথাই বলছি। সেই ওকগাছটি, যার নিচে পাথর হাতড়ে একটা ছোট্ট বাক্স আবিষ্কার করে রেড। পুরোনো বন্ধু অ্যান্ডি সেটা রেখেছিল গাছটির নিচে লুকিয়ে। মরগ্যান ফ্রিম্যান দারুণ অভিনয় করেছিলেন রেড চরিত্রে। জেল থেকে জামিনে মুক্ত হয়ে বন্ধু অ্যান্ডির দেখানো পথ ধরে এই সাদা ওকের কাছে হাজির হয়েছিল রেড। সেখানেই গুপ্তধনের মতো বাক্সটি থেকে বেরিয়ে আসে কিছু ডলার আর একটি চিঠি। চিঠিতে অ্যান্ডি—এই চরিত্রে অভিনয় করেছিলেন টিম রবিনস; লিখেছিলেন ‘মনে রেখো রেড। আশাবাদ খুব ভালো একটা ব্যাপার, সম্ভবত শ্রেষ্ঠ ব্যাপার। ভালো কোনো কিছুর মৃত্যু নেই।’
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটি মন কেড়ে নিয়েছিল সবার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ম্যানসফিল্ডে অবস্থিত এই বিশাল ওকগাছটিও হয়ে উঠেছিল আলোচিত। একটা সময় এই গাছ দেখতে উৎসুক জনতা আসতে লাগল দলে দলে। এ যেন হয়ে উঠল আশার প্রতীক।

বছর পাঁচেক আগে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছটি। আর ২২ জুলাই প্রচণ্ড ঝোড়ো হাওয়া গাছটিকে শুইয়ে দিল মাটিতে। ২০০ বছরের পুরোনো গাছটির মৃত্যুতে অনেকেই স্বজন হারানোর ব্যথা অনুভব করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গাছটি নিয়ে শোক প্রকাশ করেছেন, গাছটির ছবি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রোজভিল থেকে এ জে রানধাওয়া নামের একজন লিখেছেন, ‘শান্তিতে থাকো শশাঙ্ক রিডেম্পশনের বৃক্ষটি। তারকাদের ট্র্যাজিক মৃত্যুর জন্য ২০১৬ সাল স্মরণীয় হয়ে থাকবে।’
প্রতিবছর শশাঙ্ক রিডেম্পশন ছবির এই লোকেশনটিতে ৩৫ হাজার মানুষ বেড়াতে আসত।
অসাধারণ একটি চলচ্চিত্র দ্য শশাঙ্ক রিডেম্পশন। কেউ চাইলেই ইউটিউবে দেখে নিতে পারেন ছবিটি। তবে ছবিটি দেখার পর যদি এই ওকগাছটি দেখার ইচ্ছা জাগে মনে, তবে হতাশ হতে হবে।
২২ জুলাই থেকে গাছটি শুধু বেঁচে থাকবে সেলুলয়েডের ফিতায়। মাদার ন্যাচার নেটওয়ার্ক, ইনডিপেনডেন্ট।