
ধরুন, আপনি বসে আছেন একটি সুপরিসর ঘরে। গল্প করছেন জীবন ও মৃত্যুর সঙ্গে। আপনাকে মধ্যমণি করে জীবনমৃত্যু পরস্পর যুক্তি উপস্থাপন করছে নিজেদের পক্ষে। আর আপনিই উপভোগ করছেন তাদের যুক্তিপরম্পরা। চোখ বন্ধ করে দৃশটি একবার ভাবুন তো!
একজন মানুষের বেঁচে থাকার পক্ষে যুক্তি কী, আত্মহত্যা বা মরে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা আছে কি?—প্রশ্নগুলো গুটিগুিট পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা নাটক দেখছি।
৪ মে বসে আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে জীবন ও মৃত্যু। আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা নামে নাটকে প্রথমেই এল জীবন ও মৃত্যু নামে দুই চরিত্র। জীবনকে উদ্দেশ করে মৃত্যুর সংলাপ: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে/চমৎকার-/ ধরা যাক কয়েকটি ইঁদুর এবার...।’ নাটক দেখতে গিয়ে শুনলাম জীবনানন্দ দাশের কবিতা। আর কবিতার লেজে লেজে এল আরও সংলাপ: ‘জন্ম, এদিকে এসো, এসো। ভুলে যাও তুমি কি হারিয়েছ? নির্বোধ, কারও সঙ্গে খেলায় কোনো মজা নেই। আজ রাতে আমি জমজমাট একটি খেলার প্রত্যাশা করছি। যদিও আমার জন্য বিষয়টি তেমন কিছু না। জাস্ট একজোড়া আত্মহত্যা।’
জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা করতে চায়, এমন দুই তরুণ-তরুণীর গল্প নিয়ে এগিয়ে গেল নাটকের কাহিনি। তরুণটি কবি, ভালোবাসার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে চায় সে। আর তরুণী? নৃত্যশিল্পী, নাচ তার কাছে উপাসনা। কিন্তু আত্মহত্যার পক্ষে এ নৃত্য পটীয়সীর যুক্তি, মানুষের কামনার আগুন থেকে বাঁচতে চাওয়া।
লুইজি ব্রায়ান্টের লেখা নাটকটি ভাষান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। প্রযোজনা করেছে নতুন সংগঠন ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’। মজার ব্যাপার হলো, সংগঠন, নির্দেশক ও অভিনয়শিল্পীরা সবাই-ই নতুন। কেমন করলেন এই নতুনেরা?
আমরা দেখি, নাটক শুরু হয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে শেষের পথে। গোটা নাটকে চরিত্র মাত্র চারটি—জীবন, মৃত্যু, কবি ও তরুণী। মঞ্চের ভেতর তেমন কিছুই নেই—ছোট্ট কয়েকটি মাত্র বাক্স, সেগুলোতে লুডু খেলার ছক্কা-পাঞ্জা আঁকা। ঠিক মাঝখানে নেমে এসেছে একটি লোহার গোলাকার বৃত্ত। এই বাক্স আর বৃত্তকে ঘিরেই অভিনয় এলাকা। কখনো বৃত্তের ভেতর বসে বা দাঁড়িয়ে সংলাপ দিচ্ছে চরিত্ররা, কখনো আবার তাদের দেখা যাচ্ছে বাক্সের ওপর। এভাবে নানা তর্কবিতর্কে অবশেষে জয়ী হলো জীবন। আত্মহত্যা করতে চাওয়া দুজন মানুষ আবার দাঁড়াল জীবনের মিনারে।
তবে ৫৫ মিনিট ব্যাপ্তির এ নাটকের ক্যারিশমা কোথায়? ক্যারিশমা আছে নাটকের কোরিওগ্রাফিতে, ডিজাইনে। নাটক যখন শেষ হচ্ছে, নির্দেশক হাজির করলেন একটি কোরিওগ্রাফি—মৃত্যু নয়, জীবনই অমৃত—নাটকের সারবস্তুটি স্পষ্ট হলো একটি মাত্র কোরিওগ্রাফিতে। পুরো মঞ্চ অন্ধকার। এর মধ্যে এভি লাইট ব্যবহার করে অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে নির্দেশক তৈরি করলেন একটি ফুলেল আবহ। আর ফুল তো জীবনের কথায় বলে! এভাবে প্রযোজনাটির পরতে পরতে চোখে পড়ে নির্দেশকের ডিজাইনের চমৎকারিত্ব ও পরিমিতিবোধ। মঞ্চ, সংগীত, আলো ও পোশাক পরিকল্পনায়ও তেমন কোনো বাহুল্য নেই—একটার সঙ্গে আরেকটা সঙ্গে মিলেমিশে যায় অনায়াসেই। তার পরও তো কথা কিছু থেকেই যাচ্ছে, নাটকের দু-একজন অভিনয়শিল্পীর অভিনয়-দুর্বলতা যেন চোখে লেগে থাকে চাঁদের মধ্যে এক টুকরো কলঙ্কের মতো।