আসছে আশিকি ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধীরে ধীরে সে মেরি জিন্দেগি’, ‘নাজার কে সামনে’, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’, ‘জানে জিগার জানেমান’, ‘আব তেরে বিন’, ‘সাঁসো কি জারুরাত’—সব কটি গানই ২৩ বছর আগে মুক্তি পাওয়া। মহেশ ভাট পরিচালিত আশিকি ছবির এই সব কটি গানই ছিল চূড়ান্ত সফল। সফলতার পরিণতি হিসেবে সংগীত পরিচালক নাদিম-শ্রাবণ ঝুলিতে ভরেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। ১৯৯০ সালের ২৩ জুলাই মুক্তি পাওয়া আশিকি ছবিতে দর্শক পেয়েছিলেন একজোড়া নতুন মুখ—রাহুল রায় ও অনু আগারওয়াল। তথাকথিত ‘পরিতুল্য’ সুন্দরী না হয়েও অনু এবং ব্যক্তিত্ব, অভিনয়, বিশেষ করে চুলের কারণে রাহুল রাতারাতি তারকা বনে যান। অনু-রাহুল দুজনেই আজ স্মৃতির অতলে হারিয়ে গেছেন। কিন্তু ‘রাহুল কাট’ চুলের স্টাইল এখনো দেখা যায়। শুধু তা-ই নয়, আশিকি ছবির গান এখনো শ্রোতারা শোনেন। দুই বছর আগে যখন এই ব্লকবাস্টার হিট ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন একই প্রযোজক মুকেশ ভাট এবং টি সিরিজ অডিও কোম্পানি, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এই যান্ত্রিক সময়ে আশিকি ২ কি পারবে আশিকি’র সেই মেলোডি ফিরিয়ে আনতে? পরিচালক মহেশ ভাটের পরিবর্তে তাঁদেরই পরিবারের সদস্য মোহিত সুরিকে পরানো হলো পরিচালকের হ্যাট। সন্দিহান অনেকেই, জেহের, কালযুগ, ও লামহে, রাজ ২, মার্ডার টু ছবির নির্মাতা কি পারবেন পুরোদস্তুর একটি প্রেমের ছবি বানাতে?শুরুতে হাওয়ায় উড়েছিল, অভিনেতা জ্যাকি শ্রফের সুপুত্র টাইগার শ্রফ নায়কের চরিত্র পেতে যাচ্ছেন। সবাইকে অবাক করে ভাট ভ্রাতৃদ্বয় জানান, আশিকি ২-এর নায়ক হবেন আদিত্য রায় কাপুর। প্রযোজনা সংস্থা ইউটিভির সিইও সিদ্ধার্থ রায় কাপুরের ছোট ভাই এবং বিদ্যা বালানের দেবর এই আদিত্য। অ্যাকশন রিপ্লে কিংবা গুজারিশ নামের দুটি বিশাল বাজেটের অথচ ফ্লপ ছবিতে অভিনয় করেছিলেন আদিত্য। নায়িকা চরিত্রে ৬০০ মেয়ের অডিশন নিয়েও কাজের কাজ হলো না কিছুই। মনের মতো ‘পাশের বাড়ির মেয়ে’ খুঁজে পাওয়া গেল না। হঠাৎ একদিন পরিচালক মোহিতের চোখে পড়ল শ্রদ্ধা। চোখে চশমা, বিনা মেকআপে শ্রদ্ধাকে যেন ‘পাশের বাড়ির মেয়ে’ই মনে হচ্ছিল। এই শ্রদ্ধা একসময়ের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। আরেক জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাহপুরীর ভাগনি। শ্রদ্ধা এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে তিনপাত্তি ও যশ রাজ ফিল্মসের ছবি লাভ কা দি অ্যান্ড-এ কাজ করেছেন। মহেশ ভাটদের চাহিদা ছিল, যে করেই হোক, আনকোরা নতুন অভিনেত্রীকে নিতে হবে। কিন্তু শ্রদ্ধার সরলতা ও স্নিগ্ধতায় আটকে গেল মোহিত, পরবর্তী সময় ভাট ভ্রাতৃদ্বয় এবং টি সিরিজ। চূড়ান্ত হলো আদিত্য-শ্রদ্ধাই হবেন আশিকি ২-এর কেন্দ্রবিন্দু।শুটিংয়ের পর্ব শেষ করে আগামীকাল মুক্তি পাচ্ছে আশিকি ২। ছবির প্রচারণার পেছনে খুব একটা খরচ করছেন না প্রযোজক। কারণ, ছবির নামই একটি ব্র্যান্ড, যার আলাদা করে কোনো প্রচারণার প্রয়োজন নেই। তা ছাড়া এ ছবির গান মুক্তির পর থেকে বলিউড রীতিমতো আশিকি ২-জ্বরে আক্রান্ত হয়ে আছে। মিঠুনের সুর করা অরিজিতের গাওয়া ‘তুম হি হো’ গানটি অবিরাম বেজে চলেছে সর্বত্র। ইউটিউবে মুক্তির দুই সপ্তাহের মাথায় প্রায় ২০ লাখ হিট পড়েছে এই একটি গানে। টালিগঞ্জের সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক জীৎ গাঙ্গুলিও এ ছবির ছয়টি গানের সুর করেছেন। সমালোচকদের মন্তব্য, ২০১১ সালে রকস্টার-এর পর আরেকটি অসাধারণ গানের অ্যালবাম পাওয়া গেল। নিন্দুকের তেতো কথাও অবশ্য সমান্তরালে চলছে। অনেকেই বলছেন, অ্যালবামটি ভালো। তবে আশিকি মাপের হয়নি। এ প্রসঙ্গে মহেশ ভাটের মন্তব্য, কোনো সৃষ্টিশীল কাজই অতীতের কোনো সফল কাজকে ছাড়িয়ে যেতে পারে না। প্রতিটি সৃষ্টিরই আলাদা গন্তব্য থাকে।সিক্যুয়েলে অভিনয় করলে এই এক হ্যাপা! তুলনার প্রসঙ্গ অবধারিতভাবে আসবেই। এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী নায়ক আদিত্য বলেন, ‘ভাগ্য ভালো, আমাদের পরিচালক নিশ্চিন্ত মনে আমাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ না করে ছবিটি নির্মাণ করেছেন। আশা করছি, আমাদের প্রেমের গল্প দর্শকদের ভালো লাগবে।’ আশিকি মুক্তির সময় নায়িকা শ্রদ্ধার বয়স ছিল ১। ‘সাঁসো কি জারুরাত’ গানটি ছাড়া আশিকি নিয়ে এখন পর্যন্ত তাঁর কোনো অভিজ্ঞতা নেই। আশিকি ২ ছবিতে অভিনয় করার পরও আশিকি দেখা হয়নি তাঁর। শ্রদ্ধা বলেন, ‘আমি মুক্ত মনে পরিচালকের দেখানো পথে হাঁটতে চেয়েছি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তিনটি ছবির চুক্তি ছিন্ন করেছি শুধু আশিকি ২-এর জন্য। আশা করছি, আগামীকাল থেকে আমাদের স্বপ্নের পথে দর্শকদের সওয়ারি করতে পারব।’ রুম্মান রশীদ খানইন্ডিসিনে, বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, সান্তাবান্তা, রেডিফ ডট কম অবলম্বনে