আসছে ঈদে ৫০ প্রেক্ষাগৃহ ডিজিটাল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সিনেমা মরে যাচ্ছে। কথাটি শোনা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে। ছবি মুক্তি দেওয়া মানেই, প্রযোজকের এক কোটি টাকা নেই। ছবি নির্মাণের সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন। কিন্তু কেন?অনেক উত্তরের একটি হলো, প্রেক্ষাগৃহের যে অবস্থা, তাতে আসলে দর্শকেরা যেতে আগ্রহী নন।অনেক মালিক তাঁদের প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যখন প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, তখনই জাজ মাল্টিমিডিয়া দেশের ৪০০ প্রেক্ষাগৃহকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। ফলে একদিকে যেমন সিনেমা নির্মাণের খরচ কমে আসবে, তেমনি ছবি মুক্তির সময় প্রযোজক অনেকটা নিশ্চিন্তেই ছবি মুক্তি দিয়ে অল্প সময়ের মধ্যে টাকাটা ফেরত পাবেন। পাশাপাশি ছবির ভিডিও পাইরেসি হওয়ার কোনো আশঙ্কা নেই বললেই চলে।বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই বাংলাদেশ প্রেক্ষাগৃহ মালিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বললেন, ‘এটি তো সরকারের উদ্যোগে করার কথা ছিল। কিন্তু জাজ মাল্টিমিডিয়া যেভাবে এগিয়ে এসেছে, তাতে করে আমরা চলচ্চিত্রের জন্য ইতিবাচক একটি দিক দেখতে পাচ্ছি। পরীক্ষামূলকভাবে ডিজিটাল প্রজেকশনে যে ছবি আমরা দেখেছি, তাতে আমিসহ অন্যান্য সিনেমা হলের মালিকেরাও তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এফ আই মানিক বললেন, ‘একজন পরিচালক হিসেবে আমি খুব খুশি যে আমাদের সিনেমা হলের প্রজেকশনটা ডিজিটালে চলে যাচ্ছে। ফলে এখন ছবি নির্মাণে ব্যয় কমবে, আমার ছবিতে যে টাকা বিনিয়োগ হবে, সেই টাকা দ্রুত ঘরে চলে আসবে বলেও আশা করছি।’প্রযোজক-পরিবেশক সমিতরি ঊর্ধ্বতন নেতা সাইদুর রহমান মানিক বললেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। নতুন নতুন তথ্যপ্রযুক্তির সন্নিবেশ ঘটছে আমাদের শিল্পে। সবচেয়ে বড় কথা, যদি আমাদের ছবি নির্মাণের ব্যয় প্রায় ৫০ লাখ টাকা কমে যায়, তাহলে অনেক প্রযোজকই আবার হয়তো ছবিতে বিনিয়োগ করবেন। তা ছাড়া ছবির ভিডিও পাইরেসির বিষয়টি যদি সুরক্ষা থাকে, সেটিও আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’তবে কীভাবে কাজগুলো হবে? এ বিষয়ে আমরা কথা বলেছি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম কর্ণধার শীশ মনোয়ারের সঙ্গে। তাঁর কাছে প্রথমেই জানতে চাইলাম,কাজটা করবেন কীভাবে?আমরা প্রেক্ষাগৃহের প্রজেকশন কক্ষকে নতুনভাবে উপস্থাপন করব। আমাদের দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে ছবি ঠিকমতো দেখা যায় না। আমরা হার্ডড্রাইভের মাধ্যমে ছবি প্রদর্শন করব। এ জন্য যে ধরনের প্রযুক্তির প্রয়োজন, তা আমরা নিয়ে আসছি জাপান, বেলজিয়াম ও ভারত থেকে। এখানে আমাদের বিশেষ এক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে।প্রজেকশন ডিজিটাল হলে তাতে সিনেমা নির্মাণের ব্যয় কমবে কীভাবে?এখানে আসলে দুভাবে ব্যয় কমবে। এখন যেমন একটি ছবি নির্মাণের সময় আমাদের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার নেগেটিভ কিনতে হয়। কিন্তু যখনই আপনি ডিজিটাল ফরম্যাটে ছবি বানাবেন এবং হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি বানাবেন, তখন কিন্তু আপনাকে এই ২৫ লাখ টাকা বিনিয়োগ করতে হবে না। এরপর যখন আপনি একটি ছবি নির্মাণ করে ৩০টি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিচ্ছেন, তখন প্রায় ৩০ লাখ টাকা আপনাকে বিনিয়োগ করতে হয়। কিন্তু এখন আর সেই ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে না। সামান্য টাকাতেই আপনি আমাদের কাছ থেকে হার্ডড্রাইভে পেয়ে যাবেন আপনার ছবি। আমাদের লোক গিয়ে প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করবেন। এমনকি ছবির প্রযোজক চাইলে আমরা একই সঙ্গে ২০০ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করতে পারি।এই যে সিনেমা হল ডিজিটাল করবেন, এ জন্য কীভাবে টাকা-পয়সা বিনিয়োগ করা হবে এবং কত টাকার প্রয়োজন হবে?একেকটি সিনেমা হলে ৩০ থেকে ৩৫ লাখ টাকা বিনিয়োগ করা হবে। এখানে আমরা যেমন বিনিয়োগ করব, তেমনি আবার প্রেক্ষাগৃহের মালিকও বিনিয়োগ করবেন। আমরা আমাদের টাকা টিকিট বিক্রি থেকে সমন্বয় করে নেব। পুরো বিষয়টি আসলে দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই করা হবে।আপনারা কি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন?এরই মধ্যে আমরা ১৫০ জন প্রেক্ষাগৃহের মালিককে নিয়ে বসেছি এবং পরীক্ষামূলকভাবে ছবি তাঁরা দেখেছেন আমাদের ডিজিটাল পদ্ধতিতে। তাঁরা নিজেরাই অবাক হয়ে বলেছেন, আমাদের সিনেমা হলে কি এত সুন্দর ছবি আসবে? আমরা বলেছি, ঠিক এই রেজাল্টই আপনারা পাবেন। আমরা এখন ঢাকা ও বিভিন্ন বিভাগীয় শহরে ৫০টি প্রেক্ষাগৃহ ডিজিটাল করছি। আশা করছি, আগামী রোজার ঈদে আমরা এসব প্রেক্ষাগৃহে বসে ছবি দেখতে পাব।ডিজিটাল প্রেক্ষাগৃহের জন্য তো ডিজিটাল ছবি লাগবে। এত ছবি পাবেন কোথায়?আমরা নিজেরাই ছয়টি ডিজিটাল ফরম্যাটে ছবি বানাচ্ছি। ঈদে আমাদের ভালোবাসার রং ছবি চলবে। এ ছাড়া আরও বেশ কিছু ছবি বাইরে থেকে হচ্ছে। আবার যাঁরা ৩৫ মিলিমিটার অর্থাৎ বড় ক্যামেরায় ছবির শুটিং করেছেন, তাঁরাও আমাদের সেবা নিতে পারেন। তাঁদের ছবিটিকে আমরা ডিজিটাল ফরম্যাটে নিয়ে এসে আমাদের হার্ডড্রাইভে নিয়ে নিতে পারি। ফলে সেই প্রযোজককে আর লাখ লাখ টাকা খরচ করে ছবির প্রিন্ট না করে ডিজিটাল প্রেক্ষাগৃহগুলোতেই তাঁরা ছবি মুক্তি দিতে পারবেন।ভিডিও পাইরেসি কীভাবে রোধ হবে?প্রথমত, আমাদের এই হার্ডড্রাইভ থেকে কোনো কিছু কপি করা যাবে না। আমাদের একেকটি প্রজেকশনে বিশেষ কিছু চিহ্ন দেওয়া থাকবে। যদি কোনো প্রেক্ষাগৃহ থেকে কেউ ভিডিও পাইরেসি করে, তবে সেই চিহ্নগুলো ফোকাস হবে। ফলে সেই হলের মালিক ভুলেও ভিডিও পাইরেসিতে সহায়তা করতে পারবেন না।আপনাদের কাজ কি শুরু হয়েছে?এরই মধ্যে ইনফো নেট ডট কম আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা মাঠে নেমেছি এবং সিনেমা শিল্পকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই।