আসছে ওয়ারফেইজের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ চলা নামে গত বছর ওয়ারফেইজ একটি অ্যালবাম প্রকাশ করে। এখানে দুটি ছিল নতুন গান। বাকিগুলো পুরোনো অ্যালবাম থেকে সংকলিত। তবে ওই গানগুলো নতুন করে প্রস্তুত করা হয়। এবার আসছে ওয়ারফেইজের আরেকটি অ্যালবাম। নাম এখনো চূড়ান্ত হয়নি। ওয়ারফেইজের অন্য অ্যালবামগুলোর মতো এবারও থাকছে হার্ড রক, প্রগ্রেসিভ রক এবং রক ব্যালেড ধাঁচের নতুন ১০টি গান। গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের সদস্য কমল, শামস, মিজান, টিপু ও অনির।এবারের অ্যালবামটি প্রসঙ্গে ওয়ারফেইজের অন্যতম সদস্য শামস বললেন, ‘এবার এ অ্যালবামে আমরা নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছি। তবে বেশি গুরুত্ব দিচ্ছি গানের কথা ও সুরের ওপর।’ ওয়ারফেইজের ড্রামার ও দলনেতা টিপু বললেন, ‘আমরা সব সময়ই মান বজায় রেখে সময় অনুযায়ী নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবারও তাই হচ্ছে। গানগুলোতে নতুনত্ব থাকবে। আশা করছি, আমাদের নতুন অ্যালবামটি অন্যগুলোর মতোই সবার ভালো লাগবে।’তিনি জানান, নতুন এ অ্যালবামটির প্রচারণার ব্যাপারে এফএম রেডিওতে গান প্রচার করবে। পাশাপাশি কনসার্ট ও লাইভ শো করবে। সব কটি নতুন গান নিয়ে ওয়ারফেইজের সর্বশেষ অ্যালবামটি ছিল মহারাজ। এটি বেরিয়েছিল ২০০৩ সালে। আর নতুনটি আসছে আগামী বছরের গোড়ার দিকে।