আসছে গেরিলা—আবার ’৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলার প্রথম দিনের শুটিং। ঢাকার তেজগাঁও এলাকা। যাত্রীবাহী একটা বাস থামিয়েছে পাকিস্তানি সেনারা। যাত্রীরা ভয়ে-আতঙ্কে দিশেহারা। জোর তল্লাশি চলছে। শুটিং টিমের পুরোভাগে দাঁড়িয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ভাবছিলেন অন্য কিছু। তাঁর চোখে ভাসছে এক বৃদ্ধের মুখ। হ্যাঁ, ঠিক এমনই একটা দৃশ্য ছিল সেটা। একাত্তরের সেই দিন তরুণ মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ আগরতলা থেকে ঢাকায় ফিরছিলেন বাসযোগে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসতেই বাস থামাল পাকিস্তানি সেনারা। বাস থেকে নামিয়ে দাঁড় করানো হচ্ছে সন্দেহভাজনদের। দুর্ভাগ্যজনকভাবে নাসির উদ্দীন ইউসুফও পড়ে গেছেন সেই দলে। ভয়ে-উত্তেজনায় ভেতরে ভেতরে ঘামছেন। এর মধ্যে বাসের এক বৃদ্ধ যাত্রী চিৎকার করলেন, ‘এ তো আমার ছেলে। এ তো আমার ছেলে।’ বৃদ্ধ মানুষটা হয়তো কোনো একটা সরকারি অফিসে চাকরি করেন। তাঁর হাঁকডাকে কাজ হলো। নাসির উদ্দীন ইউসুফ সেযাত্রায় রেহাই পেলেন। পিতার স্নেহ নিয়ে অচেনা এক তরুণকে বাঁচাতে সেদিন এগিয়ে এসেছিলেন যে বৃদ্ধ, তাঁর সঙ্গে আর দেখা হয়নি। ’৭১ মানে, ঢাকার গেরিলা যোদ্ধা নাসির উদ্দীন ইউসুফের কাছে এমন কত-শত টুকরো টুকরো ছবি। কত আতঙ্কের প্রহর। কত বিনিদ্র রাত! এত বছর পর ’৭১-কে ক্যামেরায় ঠিকঠাক তুলে আনা, সেটাও তো বলতে গেলে অন্য এক যুদ্ধই।‘সত্যিকার যুদ্ধটা ছিল অনেক বেশি ভয় আর আতঙ্কের। আর ছবি বানানোর যুদ্ধটা আমি বলব অসম্ভব একটা পরিশ্রমের কাজ। আমাদের পুরো দলকেই কঠিন পরিশ্রম করতে হয়েছে। এখন তো মনে হচ্ছে, অস্ত্র হাতে যুদ্ধ করাটাই বরং সহজ ছিল।’ বলতে বলতে নাসির উদ্দীন ইউসুফ নামের মানুষটা হাসেন। তাঁর গেরিলা ছায়াছবির জোগাড়যন্ত্রের সঙ্গে অবশ্য সত্যিই সত্যিই ছোটখাটো একটা যুদ্ধের তুলনা চলে।ছবির মোট কলাকুশলীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। শুটিংয়ে অংশ নিয়েছে সাড়ে ৪০০ নিয়মিত সৈনিক। খরচ হয়েছে ছয়-সাত হাজার বুলেট। সঙ্গে ছিল তিনটি ট্যাংক আর সামরিক হেলিকপ্টার। ৭১ দিন শুটিং হয়েছে মোট ১২৭ জায়গায়। পাকিস্তানি আমলের রেলগাড়ি, মরিস মাইনর গাড়ি থেকে শুরু করে কাপড়চোপড়, এমনকি চায়ের কাপ অবধি জোগাড় করতে হয়েছে। দু-দুটো বাতিল ট্রেন সচল হয়েছে কেবল শুটিংয়ের কাজে। ‘১৯৭১ সালের ঠিক সেই ছবিটা কি আমি আঁকতে পারছি? আমার ছবির সেট। আমার প্রপস। আমার কলাকুশলীরা কি সেই একাত্তরের মতো হয়ে উঠেছেন? পেছনের গাছগাছালি থেকে শুরু করে ওপরের আকাশ, বাড়িঘর—সব জায়গায় কি একাত্তর উপস্থিত?’ ক্যামেরায় লুক থ্রু দেওয়ার পর থেকে এই প্রশ্নগুলোই তাড়া করে ফিরছিল নাসির উদ্দীন ইউসুফকে। কিন্তু আজকের ঢাকায় ইতিহাস-ঐতিহ্যের সন্ধান মোটামুটি খড়ের গাদায় সুঁই খোঁজার মতো ব্যাপার। অনেক খুঁজে তেজগাঁও এলাকার কিছু জায়গা মিলল। দলবল নিয়ে তিনি লেগে গেলেন পানাম নগরকে সেকালের ঢাকার রূপে ফিরিয়ে আনার কাজে। এমনকি রাস্তার লাইটপোস্ট পর্যন্ত নতুন করে বানানো হলো।‘শুরু থেকেই চিন্তা ছিল, একাত্তরের সেই উত্তাল দিনগুলোকে তুলে আনার জন্য বিষণ্ন একটা আবহ রাখব ছবিতে। খেয়াল করলে দেখা যাবে, সিংহভাগ দৃশ্যেই সূর্য অনুপস্থিত।’ বলছিলেন নাসির উদ্দীন ইউসুফ।গেরিলা বড় ক্যানভাসের ছবি। ছবির চিত্রনাট্যের মূলে আছে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস। এর সঙ্গে যোগ হয়েছে ঢাকার এক গেরিলা যোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা। ছবির প্রতিটি চরিত্রও তাই পরিচালকের খুব চেনা। শাহাদত চৌধুরী, সুবাদার বেলায়েত, ফতেহ আলী...। নাসির উদ্দীন ইউসুফ যতবার ক্যামেরার পেছনে চোখ রেখেছেন, এসব সত্যিকার বীর মুক্তিযোদ্ধাই বারবার ঘুরেফিরে এসেছেন ভাবনায়। আর ছবির মূল চরিত্র বিলকিস বানু? ‘নারীদের অংশগ্রহণের বিষয়টা যে ব্যাপক অংশগ্রহণ আমাদের গল্প-উপন্যাসে বা চলচ্চিত্রে তার ছাপ নেই। বিলকিসকে আমি মূল চরিত্র করেছি। এই বিলকিসের মধ্যেই আসলে লুকিয়ে আছেন আমাদের জাকিয়া আপা, মিনু হক, নায়লা খান, জাহানারা ইমাম—এমন অনেক বীর নারীর মুখ।’তাঁর পাক্কা ২১ মাসের সাধনা আর শ্রমের ফসল গেরিলা মুক্তি পাচ্ছে এই পয়লা বৈশাখে (১৪ এপ্রিল)। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধকে সেলুলয়েডে বন্দী করে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু নাসির উদ্দীন ইউসুফের কাছে একটা রহস্য এখনো অমীমাংসিতই থেকে গেছে। কিসের টানে অমন অবলীলায় জীবন দিয়েছিল এতগুলো মানুষ? বিলকিস বানু নামের এক নারী মুক্তিযোদ্ধার অভিযান আর একাত্তরের বিবিধ ঘটনাবলির মাঝে গেরিলা আসলে সেই অমীমাংসিত প্রশ্নেরই উত্তর খুঁজে ফেরে। একনজরে ‘গেরিলা’১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিখোঁজ হন বিলকিসের স্বামী সাংবাদিক হাসান আহমেদ। স্বামীর সন্ধানে নেমে বিলকিস নিজেই জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ঢাকার গেরিলা যোদ্ধাদের সঙ্গে একের পর এক দুঃসাহসী অভিযানে অংশ নিতে থাকে সে। ঘটনাচক্রে রাজাকারদের হাতে শহীদ হন তার আশ্রয়দাতা তসলিম সর্দার। গ্রেপ্তার হন আলতাফ মাহমুদ, রুমী, বদি, জুয়েলসহ অনেক মুক্তিযোদ্ধা। নিঃসঙ্গ বিলকিস রওনা হয় রংপুরে তার গ্রাম জলেশ্বরীর পথে।অভিনয়: জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আহমেদ রুবেল, মিরানা জামান, আজাদ আবুল কালাম, মাসুম আজিজ, এস এম মহসিনসহ অনেকে।পরিচালনা: নাসির উদ্দীন ইউসুফ।চিত্রগ্রহণ: সমীরণ দত্ত।নির্বাহী প্রযোজক: এশা ইউসুফ।পোশাক পরিকল্পনা ও সংগীত পরিচালক: শিমূল ইউসুফ।সাউন্ড ডিজাইন: বিনোদ সুব্রামনিয়াম।