
বিশ্ববরেণ্য নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি হ্যামলেট। বিশ্বব্যাপী সমাদৃত এই নাটকটি নিয়ে ঢাকায় আসছে শেক্সপিয়ারের সৃষ্ট লন্ডনের বিশ্বখ্যাত গ্লোব থিয়েটার। আগামী ১৫ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। শেক্সপিয়ার-সৃষ্ট হ্যামলেটের দোদুল্যমানতা নিয়ে সেই কবে থেকে আলোচনা-সমালোচনা চলছে নাট্যজগৎ-জুড়ে। বিশ্বভ্রমণের জন্য গ্লোব থিয়েটার বেছে নিয়েছে হ্যামলেটকে। এই আয়োজনটি করা হচ্ছে শেক্সপিয়ারের ৪৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে। আর হ্যাঁ, ২০১৬ সালের এপ্রিলে নাট্যকারের ৪০০তম মৃত্যুবার্ষিকীও। দুটি তারিখই ট্র্যাজেডি-স্রষ্টাকে স্মরণ করার জন্য ভালো উপলক্ষ। বিশ্বভ্রমণ যখন শেষ হবে, তখন দ্বিতীয় তারিখটিও চলে আসবে দোরগোড়ায়। ২৩ এপ্রিল শেক্সপিয়ারের মৃত্যুদিনেই এই বিশ্বসফর শেষ হবে বলে বিবিসিকে গ্লোব থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
পৃথিবীর ২০০টি দেশে প্রযোজনাটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে ব্রিটেনের বিখ্যাত এই নাট্যদলের। তারই অংশ হিসেবে ভিয়েতনাম সফর শেষে ঢাকা থিয়েটারের আমন্ত্রণে ঢাকায় আসছে গ্লোব থিয়েটার। ১৬ সদস্যের দল নিয়ে ১৪ জুলাই রাজধানীতে এসে পৌঁছাবে দলটি। দুই দিন ঢাকায় থাকবেন দলটির সদস্যরা।

গতকাল সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ঢাকা থিয়েটার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্যসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইটিআই বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের প্রোজেক্ট ম্যানেজার (শিল্প) নাহিন ইদ্রিস, ঢাকা থিয়েটারের কর্মী ওয়াসিম আহমেদ প্রমুখ। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ঢাকার দর্শকদের জন্য ভিন্ন রকমের অভিজ্ঞতা হিসেবে ধরা দেবে গ্লোব থিয়েটার পরিবেশিত হ্যামলেট নাটকটি। এ দেশের মঞ্চনাটকের জন্যও এটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। আড়াই ঘণ্টার প্রযোজনাটিতে দলটির অভিনয়, মঞ্চসজ্জা, আলোকসম্পাত থেকে শুরু করে সবকিছুই বিচিত্র স্বাদ দেবে দর্শকদের। আর বিশাল এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ব্রিটিশ কাউন্সিল। ১ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। নাটকটি দেখার জন্য দর্শকদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহের বিড়ম্বনা থাকবে না। অনলাইনে www.ticketchai.com এই ঠিকানা থেকে ৯৯ টাকায় তাঁরা টিকিট সংগ্রহ করে নাটকটি দেখার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নাট্যশালা মঞ্চ এবং মিলনায়তনের যাবতীয় তথ্য পাঠানো হয়েছিল গ্লোব থিয়েটার কর্তৃপক্ষের কাছে। এগুলো দেখে সন্তুষ্ট হয়ে এখানে প্রদর্শনী করার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
গ্লোব থিয়েটারের হ্যামলেট নাটকের নির্দেশনায় রয়েছেন ডমিনিক ড্রমগুল ও বিল বাকহার্স্ট। প্রযোজনাটিতে হ্যামলেট চরিত্রে রূপ দেবেন নাঈম হায়াত অথবা ল্যাডি এমেরুয়া। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ওফেলিয়ার ভূমিকায় অভিনয় করবেন ফোবি ফিল্ডস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কিথ বার্টলেট, মিরান্ডা ফস্টার, বেরুস খান, জেনিফার লিয়ং, টম লরেন্স, আমান্ডা উইলকিন প্রমুখ।
বলে রাখা দরকার, ১৫৯৯ সালে যেখানটায় আদি গ্লোব থিয়েটার ছিল, যেখানে মঞ্চস্থ হতো শেক্সপিয়ারের নাটক; সেখান থেকে অল্প দূরে ১৯৯৭ সালে নতুন করে গ্লোব থিয়েটার চালু হয়। বিশ্বের সেরা নাট্যশালাগুলোর মধ্যে গ্লোবের অবস্থান উচ্চসারিতে।