আসছে ঝিলিকের ‘ঝিলিক’
এবার ঈদে কণ্ঠশিল্পী ঝিলিকের দ্বিতীয় একক অ্যালবাম বের হচ্ছে। নিজের নামের সঙ্গে মিল রেখে তিনি অ্যালবামটির নাম রেখেছেন ‘ঝিলিক’। ১২ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে অ্যালবামটি।২০০৮ সালের ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার বিজয়ী ঝিলিক। ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসে তাঁর প্রথম একক অ্যালবাম ‘আমার কী দোষ’। এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মাঝে কয়েকটি প্লেব্যাক ও নাটকের গানে কণ্ঠ দিলেও নতুন একক বের করেননি। ঝিলিক বলেন, একটি গানের দ্বৈত ভার্সনসহ এতে গান থাকবে নয়টি। গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, মিথিলা ইবরার, ফয়সাল রাব্বিকীন ও জুয়েল মোর্শেদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, সন্ধি, মাহমুদ সানী ও সাজিদ সরকার। একটি দ্বৈত গানে ঝিলিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।তিনি বলেন, ‘এবার অনেক সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। কথা, সুর ও সংগীতায়োজন—সবকিছুতে বৈচিত্র্য আনা হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে।’