আসছে তিন গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্রাট অ্যান্ড কোং
সম্রাট অ্যান্ড কোং

শার্লক হোমস। সাহিত্যজগতের সঙ্গে সঙ্গে সেলুলয়েডের দুনিয়ায়ও পিছিয়ে নেই সবচেয়ে জনপ্রিয় ও কালজয়ী খ্যাপাটে গোছের এই গোয়েন্দা চরিত্রটি। ছোট ও বড় পর্দায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় চিত্রায়িত হয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস। একুশ শতকের আগ পর্যন্ত ডয়েলের চিরাচরিত হুবহু বই থেকে উঠে আসা শার্লক সেলুলয়েডের জগৎ মাতালেও বিংশ শতাব্দীতে এসে নির্মাতারা সেকেলে শার্লক হোমসের ধারণা থেকে বেরিয়ে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নতুন এক শার্লককে। এই দশকের তরুণ দর্শকদের কাছে স্টিফেন মোফাট ও মার্ক গ্যাটিসের ‘শার্লক’ই তুমুল জনপ্রিয়। আর অতি আধুনিক ও আইফোন ব্যবহারকারী নতুন এই শার্লক হোমসকে এককথায় চোখ ধাঁধানোভাবেই উপস্থাপন করতে পেরেছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ।
সেই কাম্বারব্যাচকে অনুকরণ করেই শার্লক হওয়ার চেষ্টা এবার বিটাউনের ছবিতে। ছবির কাহিনিতেও থাকছে শার্লক টিভি সিরিজের দ্য হাউন্ডস অব বাস্কারভিল গল্পের ছোঁয়া। টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, যিনি এর মধ্যেই রুপালি পর্দায়ও বেশ নাম কুড়িয়েছেন, সেই রাজীব খান্ডেলওয়াল তাঁর নতুন ছবি সম্রাট অ্যান্ড কোং-এ এমনই এক গোয়েন্দা চরিত্রে হাজির হচ্ছেন এবার। রাজশ্রী ফিল্মসের ব্যানারে নির্মিত এই গোয়েন্দা থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন কৌশিক ঘটক। বলিউডে এই নিয়ে বেশ কয়েকটি গোয়েন্দা কাহিনিভিত্তিক ছবির কাজ শুরু হয়েছে, যার মধ্যে তিনটি ছবি মুক্তি পাবে এ বছরই। বছরের প্রথম গোয়েন্দাভিত্তিক ছবি হিসেবে সম্রাট অ্যান্ড কোং মুক্তি পাচ্ছে ২৫ এপ্রিল।

ববি জাসুস
ববি জাসুস

দুই.
বড় পর্দায় বিদ্যার আবির্ভাব মানেই নতুন কিছু। ডার্টি পিকচার-এর সিল্ক স্মিতা হোন কিংবা কাহানির বিদ্যা বাগচি—যেকোনো চরিত্রেই তাঁর চাই পারফেক্ট লুক। অভিনয়ের খাতিরে এবার সবকিছুকে ছাপিয়ে দেখা গেল বিদ্যার দাড়িওয়ালা রূপ। উষ্কোখুষ্কো চুল আর মুখভর্তি দাড়ি, হাতে তসবি নিয়ে পথে বসে ভিক্ষা করছেন এক ব্যক্তি। গোয়েন্দা কাহিনিভিত্তিক ছবি ববি জাসুস-এর ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে বিদ্যাকে দেখা গেছে এমনই এক পুরুষ ভিখারির সাজে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে একজন বহুরূপী গোয়েন্দা হিসেবে অভিনয় করছেন বিদ্যা। দিয়া মির্জা ও সাহিল সাঙ্ঘা প্রযোজিত ছবিটির কাহিনি সাজানো হয়েছে এক নারী গোয়েন্দাকে ঘিরে, যিনি তাঁর এলাকার সেরা গোয়েন্দা হতে চান। হায়দরাবাদের বেশ কিছু নতুন স্থানে শুটিং হয়েছে ছবিটির। বিদ্যা ছাড়াও ছবিতে রয়েছেন আলি ফজল, অনুপ্রিয়া, সুপ্রিয়া পাঠক, অর্জন বাজওয়া, তনভি আজমি ও কিরণ কুমার। নবাগত পরিচালক সমর শেখ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১ আগস্ট।

ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী
ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী

তিন.
প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার রুপালি পর্দায় আবির্ভাব ১৯৭৫ সালে সোনার কেল্লা ছবিতে। তবে নিজের সৃষ্ট এই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে বড় পর্দায় নিয়ে আসার অনেক আগেই আরেক জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে সেলুলয়েডের ফিতায় বন্দী করেছিলেন সত্যজিৎ রায়। বাংলা সাহিত্যের আরেক অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী আসলে ফেলুদার চেয়েও সিনিয়র। ১৯৬৭ সালে সত্যজিৎ রায় চিড়িয়াখানা ছবির মাধ্যমে প্রথমবারের মতো ব্যোমকেশ বক্সীকে পর্দায় আনেন। এরপর ২০১০ ও ২০১২ সালে অঞ্জন দত্তের পরিচালনায় মুক্তি পায় ব্যোমকেশ বক্সী ও আবার ব্যোমকেশ ছবি দুটি। এ ছাড়া প্রয়াত ঋতুপর্ণ ঘোষও ব্যোমকেশ নিয়ে বানিয়েছেন সত্যান্বেষী ছবিটি।
তবে এবার ব্যোমকেশ বক্সী রুপালি পর্দায় তুলে আনছে বলিউডের যশরাজ ফিল্মস। ছবির নাম ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী। নাম ভূমিকায় অভিনয় করছেন কাই পো চে-খ্যাত নায়ক সুশান্ত সিং রাজপুত। ছবিতে ১৯৪২ সালের কলকাতাকে তুলে ধরতে কোনো কসরত ছাড়েননি পরিচালক দিবাকর ব্যানার্জি। ব্যোমকেশ সাজতে প্রচুর ওজন ঝরিয়ে ফেলেছেন সুশান্ত নিজেও। কলকাতায় ডালহৌসি চত্বর, কখনো লালবাজার থানার ভেতর, কখনো বা হাওড়া ব্রিজে সুশান্ত সিং নাকি ব্যোমকেশ সেজে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরের ১২ তারিখ।

ফিল্মফেয়ার, বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা, উইকিপিডিয়া অবলম্বনে