আসছে দাবাং ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি চলচ্চিত্র ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল ছবি দাবাং-এর সিক্যুয়াল দাবাং ২। অভিনেতা সালমান খানের ২৩ বছরের ক্যারিয়ারের প্রথম সিক্যুয়াল দাবাং ২। ভাই-অভিনেতা আরবাজ খানের প্রথম পরিচালিত ছবির নাম দাবাং ২। প্রত্যাশার পারদ তাই আকাশ ছুঁই ছুঁই। এই বহুল আকাঙ্ক্ষিত ছবি মুক্তি পাচ্ছে আগামী ২১ ডিসেম্বর। বলা হচ্ছে, দাবাং-এর আয়ের রেকর্ড দাবাং ২ মুক্তির আগেই ভাঙচুর করে দিয়েছে। যদিও এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। সনি টিভি ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট স্বত্ব, টিসিরিজ ১০ কোটি রুপিতে অডিও স্বত্ব, পাঁচ কোটি রুপিতে হোম ভিডিও স্বত্ব তো কেনা হয়েছেই, সঙ্গে আছে বহির্বিশ্ব স্বত্ব। সব মিলিয়ে অন্তত মুক্তির আগেই ১০০ কোটি রুপির দোরগোড়ায় পৌঁছে গেছে দাবাং ২। এক থা টাইগার, বডিগার্ড তো বটেই, আমির খানের থ্রি ইডিয়টসকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত দাবাং ২। বলিউড বিশ্লেষকদের ধারণা, এ বছরের সবচেয়ে বড় হিট এক থা টাইগার-এর রেকর্ডও দুমড়েমুচড়ে দেবে সালমানের প্রথম সিক্যুয়াল। কী আছে ছবিতে? আছে চুলবুল পান্ডে (সালমান)। আর তার স্ত্রী রাজ্জো (সোনাক্ষী)। এবার দুজনের সুখের সংসারে সন্তানও আছে। যে সন্তানকে অপহরণ করার দায়িত্ব পড়ে প্রধান ভিলেন ‘বাচ্চা ভাইয়া’র (প্রকাশ রাজ) ওপর। প্রথম ছবির প্রধান ভিলেন ‘ছেদি সিং’ (সোনু সুদ) কিছুতেই এই দ্বিতীয় পর্বের ভিলেন হতে রাজি হননি। তাঁর চরিত্র নাকি ঠিকঠাকভাবে লেখা হয়নি। একইভাবে প্রথম পর্বের পরিচালক অভিনব কশ্যাপ পরিচালনা করেননি দাবাং ২। প্রযোজক আরবাজ খান, অভিনেতা সালমান খানের শত অনুরোধেও মন গলেনি অভিনবের। কারণটি নাকি আজও অজানা খান ভাইদের। অভিনবের প্রস্থানের পর সালমান জেদ করেই ভাই আরবাজকে প্রথমবারের মতো ক্যামেরার পেছনে দাঁড়ানোর অনুরোধ করেন। আর পরিচালক হিসেবে আরবাজ খান যে চূড়ান্ত সফল হয়েছেন, তা মনেপ্রাণে এখন বিশ্বাস করেন সালমান। তিনি বলেন, ‘আরবাজ সবাইকে দেখিয়ে দিয়েছে সঠিক পরিকল্পনা করে কাজ করলে যেকোনো অসাধ্য নিমেষেই সাধন করা যায়। এ বছরের শুরুতেও জানতাম না, দাবাং ২ এ বছর মুক্তি পাবে। ২১ ডিসেম্বর মুক্তির কথা ছিল আমির খানের ধুম থ্রি। একদিন হঠাৎ করেই আমিরকে বললাম, ধুম থ্রি কি আগামী বছর মুক্তি দেওয়া যায়? আমির আদিত্য চোপড়ার সঙ্গে কথা বলে ধুম থ্রির মুক্তির তারিখ পেছাল। চটজলদি আমি আরবাজকে বললাম, যে করেই হোক দাবাং ২ এ বছর মুক্তি দিতে হবে। আরবাজও দ্বিতীয় কোনো শব্দ ব্যয় না করে কাজে ঝাঁপিয়ে পড়ল।’ দাবাং ছবিতে যেমন ছিল মালাইকার ‘ঝান্ডুবাম’, এ ছবিতেও তেমনি মসলা হিসেবে এসেছেন কারিনা কাপুর; ‘ফেবিকল’ নিয়ে। বিয়ের এক সপ্তাহের মাথায় স্বামী সাইফ আলী খানের চাপাচাপিতে কারিনা এই আইটেম গানে নাচতে রাজি হয়েছিলেন। ব্যর্থ হননি কারিনা। ক্যাটরিনার ‘চিকনি চামেলি’কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কারিনা জনপ্রিয় হচ্ছেন তাঁর এই নতুন আইটেমে। বোন কারিশমা ঠিক একই ধাঁচের ‘সারকাইলো খাটিয়া’ গানে পারফর্ম করেছিলেন রাজাবাবু ছবিতে। এ কারণে দাবাং ২-এর সেটে কারিশমাও উপস্থিত ছিলেন বোনকে সাহস জোগানোর জন্য। প্রযোজক আরবাজের স্ত্রী মালাইকা এ ছবিতেও আছেন পান্ডে জি নিয়ে। আরবাজ বলেন, দাবাং ২ আক্ষরিক অর্থেই সিক্যুয়েল। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই এ ছবির গল্প শুরু। এ ছবিতে তাই নায়িকা পরিবর্তন করেননি নির্মাতারা। সোনাক্ষী সিনহা এ ছবিতেও সালমানের নায়িকা। আগের পর্বটি সোনাক্ষীর প্রথম ছবি হলেও এখন সোনাক্ষী রীতিমতো হিট নায়িকা। রাউডি রাঠোড়, সান অব সর্দার, এমনকি ও মাই গড-এর আইটেম গান—সব ব্লকবাস্টারের সঙ্গে সোনাক্ষী সন্ধি পেতেছেন। হিট নায়িকাকে নিয়ে কাজ করতে ঝামেলা হয়নি? এ প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘সোনাক্ষী জানে কার সঙ্গে কী ব্যবহার করতে হয়। এ ছবিতে কাজ করতে গিয়ে বুঝেছি সোনাক্ষী অভিনেত্রী হিসেবে অনেক দূর এগিয়ে গেছে।’ সোনাক্ষীও জানেন এ ছবিটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের চতুর্থ ব্লকবাস্টার, ১০০ কোটির ওপর আয় করা ছবি। বলিউড বিশ্লেষকেরা তেমনটিই ভবিষ্যদ্বাণী করছেন!  রুম্মান রশীদ খানহিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, বলিউড টাইমস, ফিল্মফেয়ার ডট কম, ফিল্মিক্যাফে, রেডিফ অবলম্বনে