আসছে বাপ্পার জানি না কোন মন্তরে

বাপ্পা মজুমদারের নতুন একক গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে ১৬ জুলাই । নাম ‘জানি না কোন মন্তরে’। এটি তাঁর দশম একক গানের অ্যালবাম। একটি ইন্সট্রুমেন্টালসহ অ্যালবামে মোট গান থাকছে ১২টি। জানি না কোন মন্তরে অ্যালবামটি বাজারে আনছে জিরোনা বাংলাদেশ নামের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
জানি না কোন মন্তরে অ্যালবামের গীতিকাররা হলেন সঞ্জীব চৌধুরী, নিয়াজ আহমেদ অংশু, রাসেল ও’নীল, মাসুম, রানা, শাহান কবন্ধ, জয় শাহরিয়ার, রবিউল ইসলাম জীবন, আবির আলমগীর ও বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদারের লেখা প্রথম গানের শিরোনাম ‘চাঁদের কণা’। এরপর ‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামে ‘ঘুম আসে না’ গানটিও লেখেন তিনি। বললেন, ‘আমি এমনিতে খুব একটা লিখি না। মনে হলে হুট করেই লিখে ফেলি। নতুন অ্যালবামের গান লেখাটাও তেমনি ঘটনা।’
১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তখন ভোরবেলা’ প্রকাশিত হয়। এরপর একে একে প্রকাশিত হয় ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮) ও ‘বেঁচে থাক সবুজ’ (২০১২)।
প্রসঙ্গত, জানি না কোন মন্তরে অ্যালবামের আগে পুরোনো গানের নতুন সংকলন নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করার কথা ছিল বাপ্পার। সেই লক্ষ্যে ২৪টি গানের রিমেক তৈরি করেন তিনি। পরে অবশ্য সেই প্রকল্পটি স্থগিত করেন বাপ্পা। এ প্রসঙ্গে বাপ্পার মত, ‘শুরুতে চিন্তা-ভাবনা ছিল সংকলিত গানের অ্যালবাম প্রকাশের। কিন্তু পরে ভেবে দেখলাম, মৌলিক গানের অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারলে মন্দ হয় না। এমন ভাবনা থেকেই জানি না কোন মন্তরে অ্যালবামের কাজটি আগে করার সিদ্ধান্ত নিয়েছি।’