আসছে বেঙ্গলের পাঁচ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নজাল ছবির দৃশ্য, চন্দ্রাবতী কথা ছবির দৃশ্য
স্বপ্নজাল ছবির দৃশ্য, চন্দ্রাবতী কথা ছবির দৃশ্য

ভালো ছবি করবে—এমন ঘোষণাই দিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। নবাগতদের কাছ থেকে আহ্বান করা হয়েছিল চিত্রনাট্যও। অনেক চিত্রনাট্য এল, তা থেকে বাছাইও হলো। কিন্তু এরপর কী হলো সেগুলো নিয়ে? কিছু কি হচ্ছে আসলে? আওয়াজ তো নেই কোনো!
খোঁজ লাগিয়ে জানা গেল, অন্তত পাঁচটি ছবি তো হচ্ছেই। বেঙ্গল চলচ্চিত্র ফোরামের অধীনে হচ্ছে তিনটি ছবি। বেঙ্গল ক্রিয়েশনস করছে আরও দুটি। এগুলোর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়ে গেছে। চলচ্চিত্র ফোরামের সমন্বয়ক ও ক্রিয়েশনসের ক্রিয়েটিভ ডিরেক্টর এন রাশেদ চৌধুরীই জানালেন এসব তথ্য।
২০১৪ সালে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল মেধাবী নবীন নির্মাতাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে সহায়তা দিতে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চিত্রনাট্য চাওয়া হলো। ১২৬টি চিত্রনাট্য জমা পড়ল। জুরিবোর্ড কয়েক ধাপে সেগুলো থেকে বাছাই করল পাঁচটি চিত্রনাট্য। এন রাশেদ চৌধুরী বললেন, এর মধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য ছবির কাজ শুরু হয়ে যায় ২০১৫-এর শুরুতেই। হুমায়রা বিলকিস হাত দেন প্রামাণ্যচিত্র মাই লং রোড টু স্কুল-এর কাজে। সৈয়দা নিগার বানুর নোনা পানি কাহিনিচিত্রের কাজও শুরু হয়। রতন পাল শুরু করেন ইসমাইলের মা-এর শুটিং। ছবিগুলোতে অভিনয় করছেন থিয়েটারের অভিনয়শিল্পীসহ নবাগতরাও।
এ ছাড়া গত বছর বেঙ্গল ক্রিয়েশনসের উদ্যোগে প্রতিষ্ঠিত দুই নির্মাতার দুটি চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু হয়। মনপুরা–খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম শুরু করেন স্বপ্নজাল-এর শুটিং। শুটিং শুরু হয়েছিল এন রাশেদ চৌধুরীর চন্দ্রাবতী কথারও। গিয়াস উদ্দিন সেলিম বললেন, ‘আমরা এরই মধ্যে শুটিং শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। আশা করছি অক্টোবর নাগাদ ছবিটি মুক্তি দিতে পারব।’ স্বপ্নজাল চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, ইয়াশ রোহান। চন্দ্রাবতী কথায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, নওশাবা, দোয়েল।
এর আগে বেঙ্গল ক্রিয়েশনস থেকে মুক্তি পেয়েছে জাহিদুর রহিম অঞ্জনের পরিচালনায় কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস রেইন কোট অবলম্বনে নির্মিত ছবি মেঘমল্লার ও হুনমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচীর একদিন।