আসছে বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ আসন্ন। কিন্তু এই নগরে প্রকৃতিতে চোখ রেখে নতুন ঋতুর আগমনী বার্তা পাওয়া মুশকিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আগমনী বার্তা পৌঁছে গেছে ঠিকই। সেখানে জয়নুল গ্যালারির সামনের বারান্দায় চারুকলার শিক্ষার্থীরা রং আর তুলি নিয়ে বৈশাখকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত। মাঝেমধ্যে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষকেরাও। শিক্ষার্থীরা এখানে দিনব্যাপী ছবি আঁকছেন। গতকাল বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, কেউ আঁকছেন কাগজে, কেউ ক্যানভাসে, কেউ বা আঁকছেন সরায়। তবে ছবির বিষয়বস্তু—বাংলার রূপলাবণ্য। কারও চিত্রকর্মে ফসলের মাঠে চাষি, কারও চিত্রকর্মে উঠানে চাষি বউ, বিস্তীর্ণ ফসলের মাঠ—এমনি আরও কত কী! প্রতিটি চিত্রকর্ম যেন বলছে, ‘এসো হে বৈশাখ...’। এসব চিত্রকর্ম আঁকার পর সেখানেই প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। চারুকলার শিক্ষার্থীরা জানান, তাঁদের এই কর্মোদ্যোগ চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। চিত্রকর্ম বিক্রয়ের অর্থ জমা হবে চারুকলার বৈশাখ উদ্যাপন তহবিলে।