আসছে ব্রাউনিয়ার নতুন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেড় বছর আগে থেকে এ অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। তখন এর জন্য প্রয়োজনীয় ম্যাচিউরিটিটা আমার ছিল না। এখন মনে হচ্ছে, অনুষ্ঠানটি করা যেতে পারে। সবকিছু মোটামুটি চূড়ান্ত হয়েছে। শুধু কিছু অনুমতির ব্যাপার আছে। অনুষ্ঠানের লাইনআপে থাকছে “সাধারণ মানুষের অসাধারণ গল্প”।’ কথাগুলো বলছিলেন ফারজানা ব্রাউনিয়া। খুব শিগগিরই নতুন একটি অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। নতুন এ অনুষ্ঠানটি হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু সাধারণ মানুষের কিছু অসাধারণ গল্পকে নিয়ে।ব্রাউনিয়া জানালেন, এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের কিছু সাধারণ মানুষের কিছু অসাধারণ সত্য কাহিনি উপস্থাপন করা হবে। দেখা যায় আমাদের সমাজে একজন সাধারণ মানুষ অসাধারণ একটি কাজ করে বসলেন। মূলত এ জাতীয় লোকদেরকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তারপর সেই মানুষটির মুখ থেকে অসাধারণ গল্পটি দর্শকদের শোনানো হবে।বর্তমানে চ্যানেল আইয়ে ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় প্রচারিত হচ্ছে নাচ, গান, অভিনয়, কবিতা, রান্না, আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রের সেরাদের নিয়ে সেরাদের মহাযুদ্ধ। ওই অনুষ্ঠানটি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আসলে প্রথমে চিন্তা করেছিলাম, চ্যানেল আইয়ের সব সেরাকে কীভাবে একসঙ্গে করা যায়। এবং তাঁদের একজনকে কীভাবে সেরাদের সেরা নির্বাচন করা যায়। এ জন্যই মূলত সেরাদের মহাযুদ্ধ অনুষ্ঠানটির পরিকল্পনা। প্রায় মাস তিনেক আগে আমাদের ইচ্ছার কথাটা সাগর ভাইকে (ফরিদুর রেজা সাগর) জানাই। তিনি বললেন, বিষয়টা মন্দ নয়। এভাবেই আসলে সেরাদের মহাযুদ্ধের যাত্রা শুরু।’