আসছে ভিডিও গেম 'কিম কার্দাশিয়ান: হলিউড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ানের সঙ্গে কেনি ওয়েস্ট
কিম কার্দাশিয়ানের সঙ্গে কেনি ওয়েস্ট

গুগল প্লে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে আগামী সপ্তাহে উন্মুক্ত হচ্ছে মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে নিয়ে নির্মিত ভিডিও গেম ‘কিম কার্দাশিয়ান: হলিউড’। সম্প্রতি কিম তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও গেমটির ট্রেইলারও প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী হলিউডের এ তারকা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ‘কিম কার্দাশিয়ান: হলিউড’ গেমের ট্রেইলারের ক্যাপশনে কিম লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আগামী সপ্তাহে গুগল প্লে ও অ্যাপ স্টোরে নতুন কিম কার্দাশিয়ান গেম উন্মুক্ত হতে যাচ্ছে। গেমটির ট্রেইলার দেখুন...।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য মিরর’।

‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। পরবর্তী সময়ে মডেলিং, অভিনয়, ফ্যাশন ডিজাইন ও ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি।

২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালের এপ্রিল থেকে দীর্ঘদিনের বন্ধু মার্কিন র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন কিম। একই বছরের ৩১ ডিসেম্বর কিম ও কেনি জানান, প্রথম সন্তান প্রত্যাশা করছেন তাঁরা। যুক্তরারে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে গত বছরের ১৫ জুন কন্যাসন্তানের জন্ম দেন কিম। মেয়ের নাম রাখেন নর্থ ওয়েস্ট।

ইতালির ফ্লোরেন্সে ১৬ শতকের ‘ডি বেলভেডেরে’ দুর্গে রাজকীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরের ২৪ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কিম-কেনি। বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর নাম জুড়ে দিয়েছেন কিম। বিয়ের আগে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিম কার্দাশিয়ান নামেই পরিচিত ছিলেন কিম। কিন্তু বিয়ের পর কিম কার্দাশিয়ানের পরিবর্তে এখন কিম কার্দাশিয়ান ওয়েস্ট নামটি ব্যবহার করছেন তিনি।