আসছে মিমির ‘আড়াল’
‘খেয়ালী মন’ ও ‘দিওয়ানা’ অ্যালবামের পর এবার আসছে কণ্ঠশিল্পী নাজনীন মিমির নতুন একক অ্যালবাম। এবারের অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘আড়াল’। ‘এক দিওয়ানা’খ্যাত কণ্ঠশিল্পী মিমির এবারের অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হূদয় খান।মিমি জানান, এরই মধ্যে সব গানের কাজ শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কাছে অ্যালবামের মাস্টার কপিটি জমা দেওয়া হয়েছে। সামনের মাসের প্রথম সপ্তাহে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন বলে আশাবাদী মিমি। শিগগিরই অ্যালবামের দুটি গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।‘আড়াল’ অ্যালবামের গানগুলোর কথা লিখছেন মিলন মাহমুদ ও গুঞ্জন চৌধুরী। আড়াল অ্যালবামে মোট গান থাকছে আটটি। এর মধ্যে একটি গান দ্বৈত কণ্ঠে, গেয়েছেন হূদয় খান ও মিমি।হূদয় খান বলেন, ‘মিমি এ সময়ের মেধাবী একজন গায়িকা। কাজ করতে গিয়ে বুঝেছি, গানে তাঁর দক্ষতার বিষয়টি! তাঁর জন্য গানগুলো করেছি হিপহপ, মেলোডি ও সেমি-ক্লাসিক্যাল ধাঁচে।’মিমি বলেন, ‘হূদয় খানের সুর-সংগীতে গান করার ইচ্ছা অনেক দিনের। প্রথমদিকে চারটি গান করার কথা থাকলেও পরে পুরো অ্যালবামটি তাঁর সুরেই করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো অ্যালবামটি হূদয়ের সুরে করতে পেরে দারুণ ভালো লাগছে। সব গানেই বৈচিত্র্য আছে।’প্রযোজনা প্রতিষ্ঠান গান চিলের ব্যানারে মিমির প্রথম অ্যালবাম ‘খেয়ালী মন’ বাজারে আসে ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘দিওয়ানা’। একক অ্যালবামের পাশাপাশি মিমি মিশ্র গানের পাঁচটি অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন।