আসছে মেধাবী মুখের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনে অনেক দারিদ্র্যের কথা শুনেছি। কিন্তু দারিদ্র্যের নিষ্ঠুর কশাঘাত কখনো উপলব্ধি করতে পারিনি। এবার খুব কাছ থেকে দেখেছি। চোখ বারবার ভিজে গেছে। তার পরও মানুষের সংগ্রামের কথা শুনেছি। তাদের বিজয়ের কথা জেনেছি। মানুষের এতটা কাছাকাছি যাওয়ার যে আনন্দ, তা বিশাল।’বলছিলেন আবুল হায়াত। টানা দেড় মাস তিনি ২৬টি জেলা শহরে ঘুরেছেন। অদম্য মেধাবী শিক্ষার্থীদের কাছে ছুটে গেছেন। তাদের কেউ বিদ্যুতের আলো দেখেনি, কেউ দুবেলা দুমুঠো খেতে পায়নি। রাতে একটু যে নিশ্চিন্তে ঘুমাবে, তাও জোটেনি কপালে। তার পরও ওরা হাল ছাড়েনি। অন্যের কাছে বই চেয়ে নিয়ে, শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। তার পরই তারা বাংলাদেশের মেধাবী মুখ হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। ৯ আগস্ট থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, আবুল হায়াত, বিপাশা হায়াত, নওয়াজিশ আলী খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত। আর অনুষ্ঠান দেখে প্রত্যেক পর্বেই মন্তব্য করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ স্যার।মেধাবী মুখের বাংলাদেশ মোট ২৬টি পর্বে নির্মিত হয়েছে। জানা গেছে, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্পর্কে জেনেই দেশের মোট ২৬টি জেলা থেকে ২৬ জনকে বাছাই করা হয়।