আসছে রাজ্জাকের 'আয়নাকাহিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

নায়ক রাজ্জাক পরিচালিত ‘আয়নাকাহিনি’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন রাজ্জাক।

এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমার ছবিটি ছয় মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটি তখন মুক্তি দেওয়ার সাহস পাইনি। এখন বাংলা ছবির অবস্থা একটু ভালো। আমার কাছে মনে হয়েছে, ছবিটি এখনই মুক্তি দেওয়া যায়। তাই সিদ্ধান্তটি নিলাম।’

রাজ্জাক আরও বলেন, প্রাথমিকভাবে ছবিটি ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। “আয়নাকাহিনি” ছবির মধ্য দিয়ে তিন বছর পর আমার পরিচালনায় কোনো ছবি মুক্তি পাচ্ছে।’

‘আয়নাকাহিনি’ ছবি প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমার এ ছবির গল্পটি বেশ ভালো। প্রত্যেক অভিনয়শিল্পী বেশ যত্ন নিয়ে কাজ করেছেন। নির্মাণকাজও ভালো হয়েছে।’
২০০৯ সালে রাজ্জাকের পরিচালনায় নির্মিত হয়েছিল ‘মন দিয়েছি তোমাকে’ ছবিটি। ‘আয়নাকাহিনি’ ছবিটি পরিচালনা প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমার সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাদের চলচ্চিত্রশিল্প এখন ধ্বংসের মুখে। এ শিল্পকে বাঁচাতে হলে ভালো ছবি নির্মাণের কোনো বিকল্প নেই। এই তাগিদ থেকেই আমি “আয়নাকাহিনি” তৈরি করেছি।’

পরিচালনার পাশাপাশি ‘আয়নাকাহিনি’ ছবিতে রাজ্জাক নিজেও অভিনয় করেছেন। আরও আছেন সম্রাট, কেয়া, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মম মোর্শেদ প্রমুখ।

প্রসঙ্গত, রাজ্জাক পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘অনন্ত প্রেম’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে।