আসছে রেনেসাঁর পঞ্চম অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ১৯৮৫ সালে জন্ম নেয় জনপ্রিয় বাংলা ব্যান্ড দল রেনেসাঁ। জন্মের তিন বছর পর ১৯৮৮ সালে দলটির প্রথম অ্যালবাম রেনেসাঁ বাজারে আসে। প্রথম অ্যালবামের নিজেদের প্রতিভার কথা জানান দিতে সক্ষম হয় দলটি। ১৯৯৩ সালে তৃতীয় বিশ্ব নামে দ্বিতীয়, ১৯৯৮ সালে ’৭১-এর রেনেসাঁ নামে তৃতীয় এবং ২০০৪ সালে একুশ শতকের রেনেসাঁ নামে চতুর্থ অ্যালবামটি বাজারে আসে। প্রতিটি অ্যালবামে রেনেসাঁ তাদের আলাদা স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছিল। দেশের জনপ্রিয় এই ব্যান্ড দলটি তাদের সংগীত-জীবনের দুই যুগ পেরিয়েছে। এ বছর দলটি পূরণ করবে ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে তারা নতুন অ্যালবামের কাজে হাত দেওয়ার ইচ্ছাও পোষণ করে। আর এটি হবে রেনেসাঁর পঞ্চম অ্যালবাম।নতুন অ্যালবাম সম্পর্কে রেনেসাঁর অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘যেহেতু আমরা সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকি তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের ব্যাপারে খুবই সিরিয়াস। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই।’ অ্যালবাম প্রকাশের এ বিরতি সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা আসলে গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে চাই না। তবে এখনো পর্যন্ত নতুন এই অ্যালবামের নাম ঠিক হয়নি।’ নকীব খান আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা অ্যালবামটির নাম ঠিক করে ফেলতে পারব। আশা করছি, অ্যালবামটি এ বছরেই শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’