আসছে শিরোনামহীনের রক্যুমেন্টারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালে বাংলাদেশের ব্যান্ডজগতে রক ব্যান্ড হিসেবে আবির্ভাব ঘটে শিরোনামহীনের। এরপর কেটে গেছে প্রায় ১৪ বছর। এই দীর্ঘ পথপরিক্রমায় এসে ব্যান্ডদল শিরোনামহীনের উপলব্ধি হয়েছে, নিজেদের ব্যান্ড নিয়ে ভিডিওচিত্র নির্মাণের। ভিডিওচিত্রটির কাজও শুরু করে দিয়েছে তারা। তবে এটিকে তারা শিরোনামহীন রক্যুমেন্টারি হিসেবে বলতে চায়। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপ্তির এই ভিডিওচিত্রটি আগামী পহেলা বৈশাখে প্রকাশ করা হবে বলে জানান শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া।জিয়া বললেন, ‘আমরা যেহেতু রক মিউজিকটাই করে থাকি, তাই এটিকে রক্যুমেন্টারি বলতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করছি। এখানে আমাদের ব্যান্ডদল শিরোনামহীনের বেশ কিছু চমৎকার মুহূর্ত তুলে ধরা হচ্ছে এবং গান রেকর্ডিংকালের বিভিন্ন মজার ঘটনাও এখানে তুলে আনা হবে। এ ছাড়া বিভিন্ন কনসার্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে রাখা হবে। বেশ কয়েকটি অপ্রকাশিত গানও থাকবে এখানে। আশা করছি, এই রক্যুমেন্টারি শিরোনামহীনের ভক্ত-শ্রোতারা সংগ্রহ করতে পারবে।’