আসছে 'আয়নাবাজি'

‘অমিতাভ রেজা প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন। সেই সিনেমায় আমি অভিনয় করছি। এটা আমার জন্য সত্যিই আনন্দের খবর।’ মঞ্চে দাঁড়িয়ে এভাবেই বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী। খবরটা আগেই চাউর হয়েছিল, নির্মাতা অমিতাভ রেজা চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। গতকাল রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সেই ঘোষণাই দিলেন আনুষ্ঠানিকভাবে। ছবির নাম আয়নাবাজি। ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তবে পরিচালক অমিতাভ রেজা ছবির সব চরিত্রকেই এগিয়ে রাখলেন এভাবে, ‘আমার সিনেমার জন্য সব চরিত্রই গুরুত্বপূর্ণ। আলাদা করে কেন্দ্রীয় চরিত্র বা জুটি নেই। আমরা আসলে গতানুগতিক সিনেমার ভাবনাটা ভাঙতে চাই।’
আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি আয়নাবাজির একটি গান গেয়ে শোনায় গানের দল চিরকুট।
নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘আয়নাবাজি একটি শহরের গল্প; যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া হয়, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। সিনেমা মানেই নায়ক আর নায়িকা—এই ধারার বাইরে থাকতে চাই।’
আয়নাবাজিতে আরও অভিনয় করছেন লুত্ফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন। ছবিটি প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড।
পরিচালক জানান, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আয়নাবাজির কাজ। এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।