আসছে 'ক্রনিকলস অব নার্নিয়া'র চতুর্থ কিস্তি

প্রখ্যাত আইরিশ সাহিত্যিক প্রয়াত সি এস লুইসের ফ্যান্টাসি সিরিজ উপন্যাস ‘ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে নির্মিত তিনটি ছবি বিশ্বব্যাপী দেড় শ কোটি ডলারেরও বেশি আয় করেছে। এবার ছবিটির চতুর্থ কিস্তি তৈরির ঘোষণা দিলেন প্রযোজক মার্ক গর্ডন।
এরই মধ্যে ‘ক্রনিকলস অব নার্নিয়া’ সিরিজের চতুর্থ উপন্যাস ‘দ্য সিলভার চেয়ার’ (১৯৫৩) অবলম্বনে ছবি তৈরির অনুমতি পেয়ে গেছেন মার্ক গর্ডন। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে ছবিটি তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এ প্রসঙ্গে মার্ক গর্ডন জানান, ‘সি এস লুইস তাঁর ‘‘ক্রনিকলস অব নার্নিয়া’’ সিরিজের উপন্যাসের মাধ্যমে চমত্কারভাবে রূপকাশ্রয়ী কাহিনি নির্মাণ করেছেন। এবার এই সিরিজের চতুর্থ উপন্যাসকে চলচ্চিত্রে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছি আমরা।’
‘ক্রনিকলস অব নার্নিয়া’ সিরিজের প্রথম তিনটি উপন্যাস ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’ (১৯৫০), ‘প্রিন্স ক্যাসপিয়ান: দ্য রিটার্ন অব নার্নিয়া’ (১৯৫১) এবং ‘দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার’ (১৯৫২) অবলম্বনে নির্মিত তিনটি ছবি মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০০৫, ২০০৮ এবং ২০১০ সালে। তিনটি ছবিই দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলেছিল।