আসছে ‘জেমস বন্ড’ মুভি চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল জনপ্রিয় ‘বন্ড’ সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’ মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে। এরপর পেরিয়ে গেছে ৫০টি বছর। এখনো সমানভাবে জনপ্রিয় এই সিরিজের ছবিগুলো। এ বছরের ২৬ অক্টোবর আলোর মুখ দেখছে ‘বন্ড’ সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’। ‘বন্ড’ ছবির যাত্রার ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন একটি মুভি চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের স্কাই টিভি। ‘স্কাই মুভিস ০০৭’ চ্যানেলটি যাত্রা শুরু করবে ৫ অক্টোবর থেকে।এ প্রসঙ্গে স্কাই মুভিসের পরিচালক ইয়ান লুইসের বরাতে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, এরই মধ্যে গত এপ্রিলে ‘বন্ড’ সিরিজের ২২টি ছবিরই স্বত্ব কিনে নিয়েছে স্কাই। ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করবে স্কাই মুভিস ০০৭। ‘বন্ড’ সিরিজের সব ছবির পাশাপাশি এই সিরিজের ছবিগুলো নিয়ে নানা ধরনের অনুষ্ঠানও প্রচারিত হবে।ইয়ান লুইস বলেন, ‘এমনিতেই “বন্ড” সিরিজের সব ছবির অন্যরকম বিশেষত্ব আছে। তার পরও আমরা ছবিগুলো দর্শকদের সামনে এমনভাবে উপস্থাপন করতে চাই, যাতে তাঁরা সম্পূর্ণ নতুন একধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।’