আসছে 'ধুম-থ্রি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দুটি ধুম-এর মতো ধুম-থ্রিও হিট!
আগের দুটি ধুম-এর মতো ধুম-থ্রিও হিট!

মনে পড়ে সেই ছোট্টবেলার চোর-পুলিশ খেলার কথা? চার-পাঁচজন একসঙ্গে হলেই খাতা-কলম নিয়ে বসে পড়তাম খেলতে। দারোগাবাবুটা যার হাতে পড়ত, সে তো খুশিতে আটখানা! সঙ্গে সঙ্গে মুখ ফসকে বেরিয়ে যাবেই, ‘পুলিশ, পুলিশ কৌন হে, চোরকে পাকড়াও।’—আর এই কথা শোনামাত্র বেচারা চোরের ফুলিশ ফুলিশ মনের কী যে কাঁচুমাচু অভিব্যক্তি। নিজেকে লুকোতে তার কত না অভিনয়। তবে পুলিশ ব্যাটার কপালেও যে শান্তি জুটত না। চোরকে ধরতে না পারলে তাকেও যে খেতে হবে গোল্লা! একটু নস্টালজিক করে দিলাম, তাই না?
এই গল্পটাও সেই চোর-পুলিশের গল্প। তবে এই চোরটা নিজেকে লুকিয়ে ফেলার জাদু জানে। তাকে ধরে ফেলার সাধ্য নেই পুলিশের। আর তাই তো গল্পের ভিলেন হয়েও পর্দায় যেন তিনিই হিরো। সেলুলয়েডের রঙিন ফিতায় চোর-পুলিশের এই গল্পের নাম ধুম-থ্রি।

শুরুটা ধুম দিয়ে। ২০০৪ সালে মুক্তি পায় ধুম সিরিজের প্রথম ছবি ধুম। অভিষেক বচ্চন আর জন আব্রাহাম অভিনীত ছবিটি মুক্তির পরই হইচই ফেলে দেয়। সেই থেকেই একের পর এক ব্লকবাস্টার ধুম সিক্যুয়াল বানানোর মিশনে নেমেছে যেন যশ-রাজ ফিল্মস। তারই ধারাবাহিকতায় ধুম সিক্যুয়ালের সর্বশেষ ছবি ধুম-থ্রি। আর এবার তো মুক্তির আগেই প্রমাণ করে দিল আমির খানের ধুম-থ্রি ঠিক কত বড় হিট হতে চলেছে। দেওয়ালিতে যখন ভারতজুড়ে ধুম ধুম শব্দে বাজি ফাটছিল, ঠিক সেই সময়ে ইউটিউবে প্রকাশ করা হয় ধুম-থ্রির ট্রেইলার। চোখ ধাঁধানো সেই ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গেই ইউটিউবে হামলে পড়েন ধুম-ভক্তরা। মাত্র তিন দিনেই ৪২ লাখ বার দেখা হয়েছে এই ট্রেইলার! ইউটিউবে কোনো বলিউড ছবির ট্রেইলার দেখতে এত উৎসাহ দেখা যায়নি, যেটা চলেছে ধুম-থ্রির ট্রেইলার, টিজার আর পোস্টারকে ঘিরে। আর এসবই রেকর্ড পরিমাণ ব্যবসায়িক সাফল্য অর্জনের ইঙ্গিত মাত্র। ধুম-থ্রি যে হাসতে হাসতে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে, তা নিয়ে এখন থেকেই নিশ্চিত সিনে বিশেষজ্ঞরা। তবে ধুম-থ্রির এবারের সবচেয়ে বড় আকর্ষণ আসলে ‘মিস্টার পারফেকসনিস্ট’ আমির খান। ট্রেইলার থেকেই গল্প খানিকটা জানিয়ে দিয়েছে যে, এবার ধুম-থ্রির চোর হচ্ছেন একজন জাদুকর, তিনিই আমির খান। প্রথম এবং দ্বিতীয় বারের মতো এবারও আরেকটি চোর-পুলিশ গল্প। অভিষেক বচ্চন আর উদয় চোপড়া আগের মতোই পুলিশ অফিসার জয় ও আলী। আমিরের পাশে নিজেকে ফিট দেখাতে নয় কিলোগ্রাম ওজন কমিয়েছেন অভিষেক। প্রথমবার জন আব্রাহাম, দ্বিতীয়বার হূতিক রোশন আর এবার আমির খান ধুম-থ্রির অ্যান্টাগনিস্ট। আর এই চরিত্রকেই ২৫ বছরের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন চরিত্র বলে ঘোষণা দিয়েছেন আমির। পুরোটাই অ্যাকশন ছবি, সঙ্গে চোখ ধাঁধানো ম্যাজিক, ভিন্নধর্মী নাচগান, দ্রুতগতির বাইক রেসসহ ভয়ংকর সব স্টান্ট। আর এই চরিত্রের প্রয়োজনে নিজেকে নিখুঁতভাবে গড়ে তুলতে কম কাঠখড় পোহাতে হয়নি আমির খানকে। প্রতিদিন সকালে নাশতার আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতেন আমির। গ্রহণ করতে হয়েছে অনেক কঠিন ডায়েট। নিয়মিত ব্যায়াম তো করতেই হতো, এমনকি সার্কাসের ট্রেনিংও নিতে হয়েছে আমিরকে! একবার, দুইবার নয়, ছবিতে বহুবার তিনি পরিবর্তন করেছেন চুলের স্টাইল। ব্যালে, অ্যারোবিক্স ছাড়াও শিখেছেন বিশেষ ধরনের ফরাসি স্টান্ট ‘পারকুর’। এককথায় খলনায়ক হয়েও আমির খান হিরো। ১৫০ কোটি রুপি বাজেটের এই ছবিতে প্রথমবারের মতো আমিরের সঙ্গী হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। ধুম-টুতে ঐশ্বরিয়ার চোখ ধাঁধানো ঝলক এখনো ভোলেনি বলিউড। তবে ধুম-থ্রিতে অ্যাশের সেই ঝলক ভুলিয়ে দিতে পারেন এই সুন্দরী। ক্যাটরিনা চেষ্টা করেছেন সবদিক থেকেই ‘ধুমকন্যা’ হিসেবে ঐশ্বরিয়াকে ছাড়িয়ে যেতে।

তবে এত কিছুর পরও মুক্তির আগেই ধুম-থ্রির গায়ে লেগেছে নকলের তকমা। বিজয়কৃষ্ণ আচার্য পরিচালিত ধুম-থ্রির অফিশিয়াল ট্রেইলার যাঁরাই দেখছেন, তাঁরাই একটু নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছেন। নিতান্ত ধুমের জাদুতে নয়, বরং খানিকটা খটকায়। চলতি বছরের হলিউড ছবি নাউ ইউ সি মির  সঙ্গে নাকি অনেকটাই মিল দেখা যাচ্ছে ধুম-থ্রির ট্রেইলার জুড়ে। তবে আমির খান বলেছেন, ‘আমার ধুম-থ্রি মানুষের কল্পনার বাইরে। কে কী বলছে, কোথা থেকে কী হয়েছে, এসব নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না। যখন ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে, তখন সবই প্রমাণ হয়ে যাবে। ভেঙে যাবে সব বিভ্রান্তি।’ ২০১১-এর নভেম্বরে শুরু হওয়া ধুম-থ্রির শুটিং কীভাবে চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়া হলিউড ছবির গল্পের সঙ্গে মেলে?  অবাক হওয়ারই পালা। উত্তরটা হয়তো খুঁজতে হবে আগামী ২০ ডিসেম্বর  প্রেক্ষাগৃহের দর্শক হয়েই।

l সাজিদুল হক

জিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা,  উইকিপিডিয়া অবলম্বনে