আসছে ‘পাওয়ার ভয়েজ ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান’, ‘এটিএন তারকা’, ‘সেরাকণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’সহ সংগীতবিষয়ক বেশ কয়েকটি রিয়েলিটি শো ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবারে চ্যানেল নাইন শুরু করতে যাচ্ছে নতুন আরেকটি রিয়েলিটি শো। চ্যানেল নাইনের এই সংগীত বিষয়ক রিয়েলিটি শোটির নাম রাখা হয়েছে ‘পাওয়ার ভয়েজ ২০১২’।চ্যানেল নাইন ও পাওয়ার কার্বোনেটেড ড্রিংক যৌথভাবে এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। পাওয়ার ভয়েজ ২০১২ উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চ্যানেল-নাইনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এবং অনুষ্ঠানটির পরিচালক তানভীর খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ-আর এফ এল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক ইলিয়াস মৃধা, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশিদ ও ব্র্যান্ড ম্যানেজার মো. মনিরুল ইসলাম।অনুষ্ঠানটির পরিচালক তানভীর খান জানিয়েছেন, একজন সংগীতশিল্পী কীভাবে তাঁর গানকে আরও নান্দনিকভাবে দর্শকের সামনে উপস্থাপন করবেন এর প্রাধান্য দেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। তিনি বলেন, বলতে পারেন—এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে একজন পূর্ণাঙ্গ শিল্পীকে। যিনি ভালো গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাতে পারবেন এবং তিনি হবেন নজরকাড়া ব্যক্তিত্বের অধিকারী। বিচারকেরা এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে ‘পাওয়ার ভয়েজ ২০১২’ নির্বাচন করবেন।চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, পাওয়ার ভয়েজ ২০১২ এর বিচারক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সুবীর নন্দী, অভিনেত্রী মৌসুমী এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। আর মহাগুরু হিসেবে থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। এই রিয়েলিটি শোর সঞ্চালকের দায়িত্বে থাকছেন আঁখি আলমগীর।পাওয়ার ভয়েজ ২০১২ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদের বয়সসীমা ১৬ থেকে ২৬ বছর। আগামী ২০ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত খুদে বার্তার মাধ্যমে তাঁরা নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকৃত প্রতিযোগীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট এবং বরিশাল, এই ছয়টি বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করবেন।