আসছে ‘শেয়ারবাজার ডটকম’
শেয়ারবাজারের সঙ্গে জড়িয়ে থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুখ-দুঃখ, হাসি-কান্না আর স্বপ্ন নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘শেয়ারবাজার ডটকম’। লিখেছেন মুস্তাফিজুর রহমান । পরিচালনা করছেন নয়ন মিল্টন। সম্প্রতি উত্তরা ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।‘শেয়ারবাজার ডটকম’ নাটকটি নির্মিত হয়েছে চার বন্ধু রবি, অমিত, কল্লোল ও শিমুলের জীবনের সঙ্গে শেয়ারবাজারের সম্পৃক্ততাকে কেন্দ্র করে। উচ্চশিক্ষিত কল্লোল ও শিমুলের কোথাও চাকরি হয় না। স্বাধীনচেতা অমিত ও রবির অফিসের ধরাবাঁধা নিয়ম ভালো লাগে না। তাই চার বন্ধু শেয়ারবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। কাহিনির ধারাবাহিকতায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে শেয়ারবাজারে ব্যবহূত বিভিন্ন শব্দ। রবি ঘুমের ঘোরে লুজার বা গেইনার বলে চিত্কার করে ওঠে। তাঁর নাম হয়ে যায় গ্যাম্বলার। শেয়ারবাজারে বিনিয়োগ তাদের ভালোবাসার মানুষেরাও হয়তো পছন্দ করে না। তাদের থাকার মেসের নামটা হয়ে যায় বিনিয়োগকারী মেস। কাহিনিতে শেয়ারবাজারে বাস্তব ঘটনার পাশাপাশি মজার অনেক ঘটনাও রয়েছে। তাদের মেসের কাজের লোকটি শেয়ারবাজারের বিভিন্ন শব্দ দিয়ে কথা বলা ও উত্তর দিতে থাকে। সেও একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।অন্যদিকে ব্রোকারেজ হাউসে লেনদেন নিয়ে বিনিয়োগকারী ও ট্রেডারদের সঙ্গে ঘটে নানা ঘটনা। জুয়াড়িদের কবলে পড়ে শেয়ারবাজারে ধস নামে এবং বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েন। এভাবেই নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ‘শেয়ারবাজার ডটকম’ নাটকটি তৈরি হচ্ছে।‘শেয়ারবাজার ডটকম’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন—অপূর্ব, হিল্লোল, দীপা খন্দকার, নওরীন হাসান জেনী, হোমায়রা হিমু, নয়ন মিল্টনসহ আরও অনেকে।এ ছাড়া নাটকটির একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন মীর সাব্বির।