বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৩’। ২৮ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি এবারও আসর মাতাবেন ভারতের গুণী সংগীতজ্ঞরা। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ উৎসবে অংশ নিতে ভারত থেকে আসবেন পণ্ডিত তেজেন মজুমদার (সরোদ), পণ্ডিত রাজন মিশ্র ও পণ্ডিত সাজন মিশ্র (কণ্ঠ), বিদুষী গিরিজা দেবী (কণ্ঠ), বিদুষী আলারমেল ভ্যাল্লি (ভরতনাট্যম), পণ্ডিত পূর্বায়ণ চ্যাটার্জি (সেতার), পণ্ডিত অজয় চক্রবর্তী (কণ্ঠ), পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া (বাঁশি), পণ্ডিত উলহাস কাসালকার (কণ্ঠ), ওস্তাদ বাহাউদ্দিন দাগার (রুদ্রবীণা), ওস্তাদ শিবকুমার শর্মা (সন্তুর), পণ্ডিত উদয় ভাওয়ালকার (কণ্ঠ), ওস্তাদ রশিদ খান (কণ্ঠ) ও বিদুষী কৌশিকী চক্রবর্তীসহ (কণ্ঠ) আরও অনেক গুণী শিল্পী।
উৎসব শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে। এ আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো, ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশন। দেশব্যাপী উচ্চাঙ্গসংগীত প্রসারে গত বছর থেকে বেঙ্গল ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করে আসছে।