আসছেন মীর ও ব্যান্ডেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আসিফ আলী (মীর) ঢাকায় আসছেন। সঙ্গে থাকছে তাঁর ব্যান্ড ব্যান্ডেজ। এবার ঈদে দেশ টিভিতে গান করবে ভারতের পশ্চিমবঙ্গের এই বাংলা ব্যান্ড। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, এবার ঈদে মোট সাত দিন বিশেষ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করেছে দেশ টিভি। এবার দেশ টিভির ঈদ অনুষ্ঠানের ভাবনা ‘শুধুই নাটক’। সঙ্গে থাকবে সিনেমা, গান। প্রতিদিন রাতেই স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান প্রচার করা হবে। এর মধ্যে এক দিন রাতে গান ও কৌতুক করবেন মীর ও ব্যান্ডেজ। মীরের সঙ্গে সব আলোচনা চূড়ান্ত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে গান করতে আসছেন মীর ও ব্যান্ডেজ।গত ১০ জুন মীর ও তাঁর ব্যান্ড ব্যান্ডেজ উদ্যাপন করেছে তাদের ষষ্ঠ জন্মদিন। ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের মধ্য দিয়েই জনপ্রিয় হয় ব্যান্ডেজ। এই ব্যান্ডের সদস্যরা হলেন মীর (কণ্ঠ), দ্বীপাঞ্জন (কণ্ঠ ও ড্রামস), নীতিন (বেস গিটার), সুমন (কি-বোর্ডস), সৌরভ (কণ্ঠ ও লিড গিটার), কৌশিক (ঢোল ও পারকাশনস) এবং চিকু (তবলা)।সম্প্রতি আশা অডিও থেকে বেরিয়েছে ব্যান্ডেজের প্রথম অ্যালবাম অসামসালা। ব্যান্ডেজের কিছু গান খুব জনপ্রিয় হয়েছে। যেমন—‘মাদুলি’, ‘অসামসালা’, ‘আপনি থাকছেন স্যার’, ‘আচ্ছা ঠিক আছে’।