আসছেন শঙ্কর মহাদেবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে গান করবেন বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার ও শিল্পী শঙ্কর মহাদেবন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় গান করবেন তিনি। আর এই অনুষ্ঠানের আয়োজন করেছে ফায়ার ওয়ার্কস।আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শঙ্কর মহাদেবনের সঙ্গে আসছে ১৯ জনের একটি দল। ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার সেরাদের মধ্য থেকেও কেউ কেউ থাকছেন এই দলে।কণ্ঠশিল্পী হিসেবে তিনবার এবং সুরকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শঙ্কর। আরও পেয়েছেন ফিল্মফেয়ার, স্টার স্ক্রিনসহ নানা পুরস্কার। ব্যক্তিগত জীবনে কম্পিউটার প্রকৌশলী হলেও সংগীতকে ঘিরেই তাঁর যত খ্যাতি ও যশ। তিনি ভারতের হিন্দি, তামিল, মালয়ালাম, কানাড়া, তেলেগু ও মারাঠি ভাষায় গান করেছেন।শঙ্কর মহাদেবনকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে ফায়ার ওয়ার্কস থেকে জানানো হয়, ঢাকার শ্রোতাদের কাছে বিনোদনজগতের জনপ্রিয় শিল্পীদের উপহার দেওয়া এই প্রতিষ্ঠানের অন্যতম একটি কাজ। এর আগে এই ফায়ার ওয়ার্কস থেকে সনু নিগম, আতিফ আসলাম, কে কে, জগজিৎ সিংসহ আরও অনেককে নিয়ে ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।