আসফ খানের ‘নকলের যুগ’
প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আসফ খানের একক অডিও অ্যালবাম। ১২টি আধুনিক গানের সমন্বয়ে এই অ্যালবামের নাম নকলের যুগ। এর বেশির ভাগ গানেরই কথা ও সুর শিল্পীর নিজের। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়।গতকাল মঙ্গলবার শিল্পীর ধানমন্ডির নিজ বাড়িতেই নকলের যুগ অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, মো. খুরশিদ আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান, সারগাম সম্পাদক কাজী রওনাক হোসেন, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, শিল্পী আসফ খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিদের সবাই শিল্পী আসফ খানের জীবনের বিভিন্ন দিক এবং গানের প্রতি তাঁর ভালোবাসার বিষয়টি উপস্থিত সবার সামনে তুলে ধরেন।আসফ খান বলেন, ‘অ্যালবামটি আমি অনেক যত্ন সহকারে করেছি। আশা করি, এর গানগুলো সব ধরনের শ্রোতার ভালো লাগবে।’নকলের যুগ অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে: ‘কোথা থেকে এলো এই নকলের যুগ’, ‘আয় আয় আয়’, ‘ভালো লাগে ভোরের হাওয়া’, ‘কাঁহি দূর যাব’ ও ‘বয়স বাড়লে’।