আসা যাওয়ার পথের ধারে
তাঁদের বহুতল অ্যাপার্টমেন্টের লিফটের মধ্যেই দেখা হয়ে গেল অপি করিমের সঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জার্সি গায়ে, বিজয়ের হাসি মুখে।‘এমন টানটান উত্তেজনার খেলা! জার্সিটা এখনো পরে আছি!’ বলছিলেন অপি।পড়াশোনার জন্য অপি এখন জার্মানিতে থাকেন। ২৫ ফেব্রুয়ারি দেশে এসেছেন। ২৭ মার্চ চলে যাবেন। আবার আসবেন আগস্টে। মাসখানেক থেকে আবার ফেরা। এই আসা-যাওয়ার মধ্যেই অপিকে ব্যস্ত থাকতে হবে আগামী দুই বছর। এরপর দেশে স্থায়ী হবেন, নাকি বিদেশে পাড়ি জমাবেন?প্রশ্ন শুনে অপি হাসলেন। বললেন, ‘এটা আসলে ওই সময়ের ওপর নির্ভর করবে। তবে আমার কিছু স্বপ্ন আছে। এই যেমন ধরেন, আজ থেকে ১০-১৫ বছর পর আমি এমন একটা ভবন বানাতে চাই, যেটা দেখে তরুণ ছেলেমেয়েরা বলবে, “এই, দেখ দেখ, এই ভবনটা না অপি করিম বানিয়েছে। মেয়েটা অভিনয় করত”।’অপির এ রকম আরও কিছু স্বপ্ন ছিল। বুয়েট থেকে বের হওয়ার পর ঠিক করলেন কয়েক বন্ধু মিলে ফার্ম দেবেন। সুন্দর সুন্দর ভবন তৈরি করবেন। কিন্তু মুশকিল হলো স্কলারশিপটা পেয়ে। বন্ধুরাও বাইরে চলে গেলেন। তাই সেই স্বপ্ন বাস্তবায়ন করা হলো না। তবে ফার্ম গড়ে তোলার স্বপ্ন এখনো ছাড়েননি অপি। পড়াশোনার পাশাপাশি ১০ বছর ধরে অভিনয়। টিভি, মঞ্চ ও চলচ্চিত্র—তিন অঙ্গনেই কাজ করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা। এখন নিয়মিত কাজ করতে পারছেন না। দেশে এলে দু-একটি কাজ করেন। এবারের দেড় মাসের ছুটিতে মাসুদ হাসান উজ্জ্বলের দুটি নাটকে কাজ করছেন। শুটিংও শুরু করেছেন। একটি প্রচারিত হবে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে, অন্যটি পয়লা বৈশাখে এনটিভিতে। জানতে চাইলাম, ১০ বছর ধরে অভিনয় করছেন। সবচেয়ে বড় অর্জন কী?অপি বললেন, ‘১০ বছরের অর্জন হচ্ছে, মানুষ আমাকে চিনেছে, স্বীকৃতি পেয়েছি, আর কাজটাকে ভালোবাসতে পেরেছি।’এরপর অপি বললেন, ‘একটা মজার ঘটনার কথা বলি। আজ থেকে কয়েক বছর আগে প্রথম আলোর আনন্দ পাতায় “মা-বাবার লক্ষ্মী মেয়ে অপি” শিরোনামে একটি ফিচার ছাপা হয়েছিল। ওখানে বাবা-মায়ের সঙ্গে আমার ছবিও ছাপা হয়েছিল। হঠাৎ করেই গত বুধবার একটা বড় প্যাকেট আমার বাসায় আসে। প্যাকেটটি খুলতেই সেই আনন্দ পাতাটি দেখলাম। সঙ্গে ফলমুল, একটি চিঠি। চিঠিতে এক মা লিখেছেন, “আমি মানত করেছিলাম, আমার মেয়ে যদি আমার মনের একটা ইচ্ছা পূরণ করতে পারে, তাহলে আমি আপনাকে একটা উপহার পাঠাব। কারণ, আপনি হচ্ছেন আপনার বাবা-মায়ের লক্ষ্মী মেয়ে। প্রথম আলোতে ফিচার পড়ে জেনেছি। আমার মেয়েকে বলেছিলাম, তুমিও আমাদের লক্ষ্মী মেয়ে হও। মেয়ে আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে। তাই আজকে আপনার কাছে এই উপহারসামগ্রী পাঠালাম। সঙ্গে প্রথম আলোর সেই আনন্দ পাতাটি”। সত্যি, আমি অভিভূত হয়ে গেছি। এটাও আমার জীবনের বড় প্রাপ্তি।’ বললেন অপি।আর হতাশার কথা যদি জানতে চাই?‘অনেক। মাঝেমধ্যে মনে হয়, কিছু নাটকে কাজ করা উচিত হয়নি। এখনো তেমনই কিছু নাটক হচ্ছে, যে নাটকগুলো আসলে দেখা যায় না। আমরা এখনো পুরোপুরি পেশাদার হয়ে উঠিনি। নিয়মানুবর্তিতার বড় অভাব। তার পরও বলব, কিছু মানুষের প্রচেষ্টা আছে এখানে ভালো কাজ করার। সে জন্যই কিছু কিছু কাজ ভালো হয়। ভালো কাজটা করার আগ্রহ থাকে আমাদের অনেকের মধ্যেই। এ জন্যই হয়তো কাজ করছি এখনো।’ বলছিলেন অপি।অপির কাছে জানতে চাই, নতুন অনেকেই আসছে এখন। কিন্তু কেউই নিজেকে বিশেষ একটা জায়গায় নিয়ে যেতে পারছে না। এর কারণ কী?অপি বললেন, ‘সবাই অনেক কাজ করছে। তাদের সৌন্দর্য আছে। তারকা ইমেজ তৈরি হচ্ছে। কিন্তু অনেকের মধ্যেই অভিনয়ের গুণাবলি কম। আস্তে আস্তে তারা অভিনয় জানার চেষ্টা করবে।’আপনি কিছু কিছু চরিত্রে কাজ করেছিলেন; যেমন—ব্যাচেলর-এর সাথী, একান্নবর্তীর শিউলি, রক্তকরবীর নন্দিনী। এসব চরিত্র কি প্রবাসজীবনে মাঝেমধ্যে আপনাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যায়?‘অবশ্যই। কখনো কখনো হয়তো চোখও ভিজে আসে। এ রকম অসংখ্য চরিত্র আছে, যেগুলো আসলে একজন শিল্পীকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলে। মাঝেমধ্যে অবশ্যই মনে হয়, আবার যদি এ রকম কিছু কাজ করতাম! এ জন্যই এখনো যখন দেশে আসি, তার আগে আমার মঞ্চনাটকের দলকে ফোন করে জানাই যে আমি অমুক সময়ে দেশে আসব, তারা রক্তকরবীর শো করবে কি না। আমি এ যাবত ৯১টি শো করেছি এই নাটকের। ইচ্ছা হয় ১০০টি শো করার।’ পড়াশোনার জন্য যে অভিনয়ে ছন্দপতন হচ্ছে, সে নিয়ে আপনার দুঃখবোধ আছে নিশ্চয়ই।‘পড়াশোনা করতে ভালো লাগে। নাটকে অভিনয় করতে ইচ্ছা হয়, এ জন্যই তো দেশে এলে একটি-দুটি কাজ করি। কিন্তু পড়াশোনার জন্য অন্য কিছু করতে পারছি না—এ নিয়ে আমার কষ্ট নেই। আমার বাবা-মা শিখিয়েছিলেন, “দুটি বিষয় তোমার থাকবে—একটি শিক্ষা, অন্যটি তোমার মূল্যবোধ। এই দুটি বিষয় যদি ধরে রাখতে পারো, কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না।” আমি মনে করি, এটা একদমই ঠিক কথা। ফলে শিক্ষাটা গ্রহণ করি মনের আনন্দে।’অপি অভিনয় করেছেন, বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন, আবার প্রবাসজীবন কাটাচ্ছেন। কোনটাকে বেশি উপভোগ করেন?‘আমি মাঝে খণ্ডকালীন শিক্ষকতা করেছি। আমার কাছে অত্যন্ত সম্মানের মনে হয়েছে কাজটি। স্বপ্ন দেখি, ভালো শিক্ষক হওয়ার। পিএইচডি ডিগ্রিটাও অর্জন করতে চাই।’ অপির মুঠোফোন বেজে ওঠে। ফোন ধরে বললেন, ঘণ্টা খানেক পরেই তিনি শুটিং-এ রওনা হবেন।চারুকলায় শুটিংয়ে যাবেন অপি। পছন্দসই দুটি গল্প পেয়েছেন। জার্মানি থেকে আসার আগে অনিমেষ আইচের সঙ্গে কথা হয়েছিল। একটা বড় ধারাবাহিক নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সময়ে মিলল না বলে আর কাজটা করা হলো না। ‘কাজটা করতে পারলে ভালো লাগত। কিন্তু এবার হলো না তো কী হয়েছে, আগামীবার যখন দেশে আসব, তখন আবার কাজটা করব। ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করার মধ্যে আনন্দ আছে।’ বললেন অপি।